রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ফুড ডেলিভারি রাইডারদের নিরাপত্তা নিশ্চিতে এটি বাংলাদেশে প্রথম উদ্যোগ।
সপ্তাহে ন্যূনতম একটি ডেলিভারি সম্পন্ন করলেই একজন রাইডার পুরো সপ্তাহজুড়ে যেকোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে এ বিমা সুবিধা পাবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডা ও ডিজিটাল বিমা প্ল্যাটফর্ম বিমাফাই।
ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের বিএ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিমা সুবিধার ফলে দুর্ঘটনায় কোন রাইডারের মৃত্যু হলে অথবা তিনি স্থায়ী অক্ষমতার শিকার হলে কিংবা উভয় চোখের দৃষ্টিশক্তি অথবা একাধিক অঙ্গহানি হলে ১ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
অন্যদিকে, একটি চোখের দৃষ্টিশক্তি হারানো বা একটি হাত অথবা পা হারানোর মতো স্থায়ী আংশিক ক্ষতি বা অক্ষমতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবেন রাইডাররা।
এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর রহমান খান বলেন, ‘আমাদের রাইডাররা প্রতিনিয়ত সেবা দিয়ে এ সার্ভিসটি চালু রাখছেন। আর তাই তাদের নিরাপত্তা আর ভালো থাকাটা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের এ উদ্যোগের লক্ষ্য রাইডাররা যেনো নির্ভার পরিবেশে কাজ করতে পারেন সেটি নিশ্চিত করা। একই সঙ্গে, রাস্তায় চলাচলের সময় তারা যেন সবসময় সুরক্ষিত বোধ করেন সেটাও এ উদ্যোগের লক্ষ্য।”
এ উদ্যোগটি ফুডপ্যান্ডার ‘প্যান্ডাহার্টস’ নামের রাইডার ওয়েলফেয়ার কর্মসূচির একটি অংশ। এই কর্মসূচিতে রাইডারদের নিরাপত্তা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও কল্যাণ এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।
দুর্ঘটনা বিমার পাশাপাশি রাইডারদেরকে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা, বিশেষ সুবিধায় মোবাইল ডেটা প্যাকেজ কেনা, কিংবা ই-বাইক কেনার ক্ষেত্রে কিস্তির সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা।