× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত

বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের সাথে দেশের প্রথম সোশ্যাল বন্ডের সফল সমাপ্তি উদ্‌যাপন

১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩ পিএম

বিনিয়োগকারী, রেগুলেটর এবং স্টেকহোল্ডারদে নিয়ে দেশের প্রথম সোশ্যাল বন্ডের সফল সমাপ্তি উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি। আয়োজনে বাংলাদেশে একটি শক্তিশালী ও বহুমুখী বন্ড মার্কেট গড়ে তোলার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।

১,০০০ কোটি টাকা মূল্যমানের ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাবঅর্ডিনেটেড বন্ড’-এর পুরো অর্থই ৬৬৫ জন বিনিয়োগকারী সাবস্ক্রাইব (ক্রয়) করেছেন, যার মধ্যে ৫৯৩ জনই ব্যক্তিবিনিয়োগকারী। এই বিপুল সাড়া ব্র্যাক ব্যাংকের প্রতি বিনিয়োগকারীদের অবিচল আস্থা এবং সামাজিক উন্নয়নমূলক আর্থিক খাতে সাধারণ মানুষের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টি ফুটিয়ে তুলেছে।

৯ সেপ্টেম্বর ২০২৬ ‘পায়োনিয়ারিং ইমপ্যাক্ট: সেলিব্রেটিং বাংলাদেশ’স ফার্স্ট সোশ্যাল বন্ড’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। এই যুগান্তকারী উদ্যোগটিকে স্বীকৃতি দিতে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে যোগ দেন। আয়োজনে কীভাবে এই থিম্যাটিক বন্ডগুলো বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে পারে এবং সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি তহবিলের জোগান দিতে পারে—  তা নিয়ে আলোচনা করা হয়।

ব্র্যাক ব্যাংকের ‘সোশ্যাল বন্ড ফ্রেমওয়ার্ক’-এর অধীনে ইস্যু করা এই বন্ডটি আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ‘আইসিএমএ সোশ্যাল বন্ড প্রিন্সিপালস ২০২৫’ অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এই ফ্রেমওয়ার্কটি বিশ্বের অন্যতম বৃহৎ সেকেন্ড পার্টি অপিনিয়ন (এসপিও) প্রদানকারী সংস্থা ‘এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস’ কর্তৃক স্বাধীনভাবে যাচাই করা হয়েছে। বন্ডটি ব্যাসেল-৩ (Basel III) নীতিমালার অধীনে ব্যাংকের টিয়ার-২ (Tier-II) মূলধন ভিতকে শক্তিশালী করার পাশাপাশি সংগৃহীত অর্থ সরাসরি নির্দিষ্ট কিছু সামাজিক খাতে বিনিয়োগ নিশ্চিত করবে। এর মধ্যে রয়েছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা এবং পানি ও স্যানিটেশন খাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ এবং মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক বিভিন্ন ক্যাটাগরিতে বিনিয়োগকারীদের সম্মাননা জানায়। বন্ড সাবস্ক্রিপশনে সক্রিয় অংশগ্রহণের জন্য যমুনা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সীমান্ত ব্যাংক পিএলসি— এই ছয়টি ব্যাংককে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি সিটি ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর প্রাতিষ্ঠানিক তহবিলকেও স্বীকৃতি দেওয়া করা হয়। কর্পোরেট খাতে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি) এবং ডেলসি কটন স্পিনিং মিলস লিমিটেড সম্মাননা লাভ করে। এছাড়াও এই বন্ডের শীর্ষ সাত ব্যক্তিবিনিয়োগকারীদেরও সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “দেশের প্রথম সোশ্যাল বন্ডের এই সফল সমাপ্তি ব্র্যাক ব্যাংক এবং দেশের টেকসই অর্থায়ন যাত্রায় একটি বড় মাইলফলক। আরও বড় বিষয় হলো, এটি প্রমাণ করে যে, আমাদের বন্ড মার্কেট এমন সব ব্যবসা ও উদ্যোগে ক্যাপিটালের জোগান দিতে সক্ষম, যা সমাজে দৃশ্যমান ও পরিমাপযোগ্য ইতিবাচক ইমপ্যাক্ট তৈরি করে। বাংলাদেশের টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি ব্যাংক হিসেবে আমরা নিজেদের কেবল এই বন্ডের ইস্যুকারী মনে করি না, বরং একটি শক্তিশালী ও বহুমুখী বন্ড মার্কেট গড়ে তোলার ক্ষেত্রে একজন সহযোগী হিসেবে দেখি।”

পুঁজিবাজারের সুবিধাকে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সফলভাবে যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংক নতুন ধরনের আর্থিক উদ্যোগের পথ তৈরি করছে। এটি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং সব স্তরের মানুষের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে ব্যাংকটি।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.