বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ই-কমার্স ও এফ-কমার্স খাতের মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং অর্থায়নের আওতায় নিয়ে আসার লক্ষ্যে সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
৩০ আগস্ট ২০২৬ ঢাকার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তির মূল লক্ষ্য হলো ডিজিটাল উদ্যোক্তাদের ব্যবসার প্রবৃদ্ধি ও প্রসারে প্রয়োজনীয় আর্থিক সেবা নিশ্চিত করা। এসএমই ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ব্র্যাক ব্যাংকের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ডিজিটাল কমার্স ইকোসিস্টেমে এসএসএল ওয়্যারলেসের শক্তিশালী অবস্থান— এই দুইয়ের সমন্বয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে।
এই চুক্তির আওতায় এসএসএল ওয়্যারলেস ইকোসিস্টেমের আওতাভুক্ত মার্চেন্ট, পার্টনার এবং বিক্রেতারা ব্যাংকের প্রচলিত মূল্যায়ন ও যোগ্যতার ভিত্তিতে ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং ও লোন সুবিধা উপভোগ করবেন। অর্থায়ন মূল্যায়নের এই প্রক্রিয়াটি সহজ করতে কাজ করবে এসএসএল ওয়্যারলেস। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের বর্তমান এসএমই গ্রাহকরাও এসএসএল ওয়্যারলেসের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে ডিজিটাল কমার্স ইকোসিস্টেমের বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের সহায়তা করাই ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটি সহজ ও প্রয়োজনীয় এসএমই ব্যাংকিং সেবার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিকব্যবস্থায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। এসএসএল ওয়্যারলেস-এর সাথে এই অংশীদারিত্ব উদ্যোক্তাদের নিজস্ব ডিজিটাল কার্যক্ষেত্রের ভেতরেই আর্থিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ব্যাংকের সেই প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।
চুক্তিটি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ডিজিটাল কমার্স বর্তমানে সারা দেশের উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এসএসএল ওয়্যারলেস-এর সাথে এই চুক্তির মাধ্যমে আমাদের লক্ষ্য হলো উদ্যোক্তারা যেখানে ব্যবসা পরিচালনা করছেন, ঠিক সেখানেই ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। এর ফলে ডিজিটাল কমার্স থেকে প্রাতিষ্ঠানিক অর্থায়ন এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার একটি অন্তর্ভুক্তিমূলক পথ তৈরি হবে।”
এসএসএল ওয়্যারলেস-এর জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন মহিউদ্দিন তৌফিক বলেন, “ব্র্যাক ব্যাংকের সাথে এই পার্টনারশিপ অফলাইন, ই-কমার্স এবং এফ-কমার্স মার্চেন্টদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের সাথে যুক্ত করতে সাহায্য করবে। এটি ক্ষুদ্র ব্যবসার প্রবৃদ্ধি এবং বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”
প্রাথমিকভাবে এসএসএল ওয়্যারলেস-এর ডিজিটাল মার্চেন্ট ইকোসিস্টেমকে কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার পরিধি আরও বাড়াতে এবং নতুন নতুন ক্ষেত্রে একসাথে কাজ করার পরিকল্পনা করছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
