× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

৫০০ ব্যাংকের তালিকায় টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের ব্যাংক শ্রেণিতে ৭৩তম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২ পিএম

বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ভিত্তিতে প্রথমবারের মতো 'ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬' তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্তার সঙ্গে অংশীদারত্বে তৈরি তালিকায় ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক স্থান পেয়েছে।

তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক। ৫০০ ব্যাংকের তালিকায় টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের ব্যাংক শ্রেণিতে ৭৩তম অবস্থানে রয়েছে ব্যাংকটি।

মঙ্গলবার রাতে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকেও ফোর্বসের বৈশ্বিক তালিকায় স্থান পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফোর্বস জানিয়েছে, তাদের আগের জাতীয় ও বৈশ্বিক ব্যাংক র‍্যাঙ্কিংগুলো মূলত জরিপের মাধ্যমে পাওয়া গ্রাহকদের মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি হলেও নতুন এই তালিকাটি করা হয়েছে ব্যাংকগুলোর বস্তুনিষ্ঠ আর্থিক তথ্যের ভিত্তিতে। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটাল আইকিউয়ের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, নথিভিত্তিক গবেষণা এবং ব্যাংকগুলোর নিজস্ব জমা দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।

তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যাংকগুলোকে বৈধভাবে আমানত গ্রহণকারী হতে হয়েছে, খুচরা বা করপোরেট গ্রাহকদের ঋণ দেওয়াকে মূল ব্যবসার অংশ হিসেবে রাখতে হয়েছে এবং জাতীয় হিসাবরক্ষণ মানদণ্ড অনুযায়ী আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়েছে। পাশাপাশি সর্বশেষ সম্পূর্ণ ও নিরীক্ষিত অর্থবছরের আর্থিক বিবরণী, অন্তত টানা তিন বছরের আর্থিক তথ্য এবং ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ থাকা বাধ্যতামূলক ছিল ব্যাংকগুলোকে চারটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে—লাভজনতা ৩০ শতাংশ, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান ২০ শতাংশ, মূলধন ও তহবিলের সক্ষমতা ২৫ শতাংশ এবং সম্পদের গুণমান ও দক্ষতা ২৫ শতাংশ।

লাভজনতার ক্ষেত্রে গড় সম্পদের বিপরীতে আয়, আয় ও পরিচালন ব্যয়ের অনুপাত এবং নিট সুদ ব্যবধানের মতো সূচক বিবেচনা করা হয়েছে। প্রবৃদ্ধি ও আয়ের গুণমান নির্ধারণে তিন বছরের আয় বৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি গ্রাহকদের আমানত বৃদ্ধির সূচক বিবেচনা করা হয়েছে। মূলধন ও তহবিলের সক্ষমতার ক্ষেত্রে মূলধনের অনুপাত ও ঋণ-আমানত অনুপাতের মতো সূচক এবং সম্পদের গুণমান ও দক্ষতার ক্ষেত্রে ঋণের গুণমান, ঝুঁকি ব্যবস্থাপনা ও হিসাবের ভারসাম্যপত্রের স্থিতিস্থাপকতা মূল্যায়ন করা হয়েছে।

মূল্যায়নের আগে মোট সম্পদের পরিমাণ অনুযায়ী ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের ব্যাংক টিয়ার-১ বা বৈশ্বিক ব্যাংক; ১০০ থেকে ৫০০ বিলিয়ন ডলার টিয়ার-২ বা বড় ব্যাংক; ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলার টিয়ার-৩ বা উচ্চ-মাঝারি আকারের ব্যাংক; ২০ থেকে ৫০ বিলিয়ন ডলার টিয়ার-৪ বা মাঝারি আকারের ব্যাংক; ১০ থেকে ২০ বিলিয়ন ডলার টিয়ার-৫ বা নিম্ন-মাঝারি আকারের ব্যাংক এবং ৩ থেকে ১০ বিলিয়ন ডলার সম্পদের ব্যাংক টিয়ার-৬ বা ছোট ব্যাংক।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। ফোর্বসের তথ্য অনুযায়ী, ব্যাংকটিতে বর্তমানে ৭ হাজার ৪৮৩ জন কর্মী রয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.