চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রম যাতে নির্বিঘ্নে চালিয়ে নেওয়া যায়, সে জন্য সহায়তা দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটির সংগীত বিষয়ক উদ্যোগ ‘আইপিডিসি আমাদের গান’-এর মাধ্যমে দেশের সংগীত, সাংস্কৃতিক ঐতিহ্য এবং তরুণ সংগীতশিল্পীদের বিকাশে দীর্ঘমেয়াদি কাজের অংশ হিসেবে এ সহায়তা নেওয়া হয়েছে।
এ উদ্যোগের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে বিদ্যুৎ-সংক্রান্ত সহায়তা দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম চালু রাখতে এ সহায়তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. প্রিয়াঙ্কা গোপ বলেন, “আমাদের বিভাগকে সময়োপযোগী এই সহায়তা দেওয়ায় আইপিডিসি ফাইন্যান্সকে আন্তরিক ধন্যবাদ জানাই। চলমান তাপপ্রবাহের কারণে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা যখন শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে উঠেছে, তখন এই উদ্যোগ তাদের জন্য স্বস্তি এনেছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আরও স্বাচ্ছন্দ্যে ক্লাস করা এবং সংগীত শিক্ষায় মনোযোগ ধরে রাখতে সহায়ক হবে।”
দেশের সংগীত ঐতিহ্যকে তুলে ধরা ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আইপিডিসি ফাইন্যান্সের উদ্যোগ ‘আইপিডিসি আমাদের গান’ কাজ করে আসছে। বিশেষ করে বাংলাদেশের বৈচিত্র্যময় লোকসংগীতসহ সমৃদ্ধ সংগীত ঐতিহ্যকে সমকালীন শ্রোতাদের সামনে তুলে ধরার পাশাপাশি শিল্পী ও সংগীতপ্রেমীদের জন্য বিভিন্ন সুযোগ তৈরিতে এ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “সংগীত বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্যকে ধারণ ও এগিয়ে নিতে যারা কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানোকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি। ‘আইপিডিসি আমাদের গান’-এর মাধ্যমে দেশের সংগীত ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি শিল্পী ও সংগীতপ্রেমীদের জন্য অর্থবহ সুযোগ তৈরিতে আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগকে দেওয়া এই সহায়তা সেই ধারাবাহিকতারই অংশ। শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরিতে এবং তাদের সংগীত শিক্ষার পথচলায় অবদান রাখতে পেরে আমরা আনন্দিত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীতশিল্পীদের বিকাশে ভূমিকা রেখে আসছে। বিভাগটিকে সহায়তা দেওয়ার মাধ্যমে সংগীত শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদান রাখার লক্ষ্য রয়েছে আইপিডিসি ফাইন্যান্সের।
ইপিডিসি ফাইন্যান্সের লক্ষ্য, এসব প্রচেষ্টার মাধ্যমে সমাজে অর্থবহ প্রভাব তৈরি করা। ‘আইপিডিসি আমাদের গান’-এর মাধ্যমে দেশের সংগীত ঐতিহ্যকে তুলে ধরা এবং এর সঙ্গে যুক্ত শিল্পী, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার উদ্যোগ অব্যাহত রাখছে প্রতিষ্ঠানটি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
