রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ অনলাইনের সঙ্গে ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমের পাইলট কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর দিলকুশায় আকিজ অনলাইনের প্রধান কার্যালয় আকিজ চেম্বারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, “আকিজ অনলাইনের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে রূপালীক্যাশের সেবা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি Bangla QR-এর মাধ্যমে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।”
অনুষ্ঠানে আকিজ অনলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের আওতায় আকিজ অনলাইন তাদের নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে রূপালীক্যাশের ডিস্ট্রিবিউটর কার্যক্রম পরিচালনা করবে এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে এজেন্ট নিয়োগ করবে। পাশাপাশি আকিজ গ্রুপের বিভিন্ন সিস্টার কনসার্নের বেতন-ভাতা, ফি, ডিলার-ডিস্ট্রিবিউটর ও মার্চেন্ট সংক্রান্ত লেনদেন রূপালীক্যাশের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।