× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরিবেশ সুরক্ষায় খুলনায় শুরু হলো বিকাশের বনায়ন কর্মসূচি

খুলনা সিটি কর্পোরেশন ও বিকাশের যৌথ উদ্যোগ

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২ পিএম

ভার্চুয়াল গাছের বিপরীতে বাস্তবে গাছ লাগানোর মাধ্যমে ‘বিকাশ বন’ উদ্যোগে গ্রাহকদের যুক্ত করে এবার খুলনায় শুরু হলো নতুন বনায়ন কর্মসূচি। খুলনা সিটি কর্পোরেশন ও দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ উদ্যোগে নগরীর সোলার পার্ক এবং লিনিয়ার পার্কে এই বনায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা নগরীর সোলার পার্ক এলাকায় গাছ লাগিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, বিকাশের রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড ও ইভিপি হুমায়ুন কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধারাবাহিক ভাবে এই কর্মসূচির আওতায় খুলনায় ২৫ হাজার গাছ লাগানো হবে।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “বিকাশের যৌথ বনায়ন কর্মসূচির আওতায় খুলনায় বৃক্ষ রোপন ও তার রক্ষণাবেক্ষণ করা হবে। এই উদ্যোগের আওতায় কোন স্থানে কোন জাতের গাছ লাগানো হবে এবং সে গাছগুলোর পরিচর্যা কিভাবে হবে সে বিষয়গুলোতেও গুরুত্ব দিচ্ছে উদ্যোক্তারা।”

সারা দেশে গাছ লাগানোর সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের পাশাপাশি ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকেও যাতে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয় সে বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।”

খুলনাসহ দেশের পুরো দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় সরকার উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সুন্দরবন আমাদের শুধু অক্সিজেন দিয়ে জীবন রক্ষা করে তাই নয়, এটি ঝড়-জলোচ্ছাসের মতো দুর্যোগ থেকেও জান-মাল রক্ষা করে, তাই উপকূল জুড়ে সবুজ বেষ্টনি গড়ে তুলতে হবে।” এই বনায়ন কর্মসূচিতে অংশ নেয়ায় খুলনাবাসীর পক্ষ থেকে বিকাশকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন অন্যান্য অনেক প্রতিষ্ঠানও এই বনায়ন কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসবে।

বিকাশ গত ১৫ বছর ধরে দেশের আর্থিক খাতে ‘জিরো কমিউট’ ইকোসিস্টেম তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। যাতায়াত, কাগজের ব্যবহার, অফিস ব্যবস্থাপনা, দীর্ঘসময় ধরে লাইনে অপেক্ষা-এসব কমিয়ে ডিজিটাল রসিদ, কাগজবিহীন লোন, কন্ট্যাক্টলেস পেমেন্টসহ ২০০ টির বেশি ক্যাশলেস সেবার মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে সরাসরি ভূমিকা রাখছে বিকাশ। এবার সরাসরি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতেই ‘বিকাশ বন’ উদ্যোগ নেয়া হয়েছে।

দেশে প্রথমবারের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপের মাধ্যমে হওয়া ডিজিটাল লেনদেনের বিপরীতে গ্রাহকদের সরাসরি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখার কাজে যুক্ত করার উদ্যোগ হলো ‘বিকাশ বন’। বিকাশ অ্যাপ থেকে করা প্রতিটি ইউটিলিটি বিল পরিশোধ, ডিপিএস খোলা, অ্যাড মানি, ঋণ নেওয়া, মোবাইল রিচার্জ ও সেন্ড মানির মতো নির্ধারিত ডিজিটাল লেনদেনের বিপরীতে গ্রাহক পাবেন ‘গ্রিন পয়েন্ট’।

গ্রিন পয়েন্ট জমার সঙ্গে সঙ্গে গ্রাহকের বিকাশ অ্যাপের ‘বিকাশ বন’-এ থাকা ভার্চুয়াল চারাগুলো ধীরে ধীরে বৃক্ষে পরিণত হবে। নির্ধারিত পয়েন্ট অর্জনের পর ‘বিকাশ বন’-এ থাকা ভার্চুয়াল গাছটির বিপরীতে বাস্তবে একটি গাছ রোপন করবে বিকাশ। পরবর্তীতে অ্যাপ থেকেই সেই গাছের হালনাগাদ তথ্যও দেখতে পারবেন গ্রাহক। এভাবে গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিবেশের জন্য বাস্তব অবদান রাখার সুযোগ তৈরি করবে ‘বিকাশ বন’ উদ্যোগটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.