পরিবেশবান্ধব শিল্পকারখানা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের উদ্যোগে সাশ্রয়ী অর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
২৪ সেপ্টেম্বর ২০২৬ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিগুলোতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী।
চুক্তিগুলো বাংলাদেশ ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি রিফাইন্যান্স স্কিম’ এবং ‘ডেভেলপমেন্ট অব আইসিটি রিফাইন্যান্স স্কিম’-এর আওতায় সম্পাদিত হয়েছে। মোট ২,০০০ কোটি টাকার রিভলভিং ফান্ডের এই স্কিমগুলোর আওতায় যোগ্য ঋণগ্রহীতারা সর্বোচ্চ ৫% সুদে তিন থেকে দশ বছর মেয়াদি অর্থায়ন সুবিধা পাবেন।
উৎপাদন খাতের উদ্যোক্তারা পরিবেশবান্ধব কারখানা ও শিল্পস্থাপনা নির্মাণ বা উন্নয়নে এই অর্থায়ন ব্যবহার করতে পারবেন। গ্রিন-বিল্ডিং স্ট্যান্ডার্ড মেনে চলা প্রকল্পগুলোও এর আওতায় রয়েছে। আইসিটি খাতের স্কিমে সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ফিনটেক, ডেটা অ্যানালিটিকস, রোবটিকস ও স্বাস্থ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর কার্যক্রম অন্তর্ভুক্ত।
সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি অর্থায়নের এই সুযোগ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এমন সব খাতে বিনিয়োগে সহায়তা করবে, যেখানে অর্থায়ন সুবিধা পাওয়া অত্যন্ত কঠিন। এটি একদিকে যেমন পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে ব্যয় হ্রাস করবে, অন্যদিকে আইসিটি খাতের ব্যবসাগুলোকে প্রযুক্তির বিকাশ, কার্যক্রম সম্প্রসারণ এবং ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনীয়তা পূরণে আরও বড় সুযোগ তৈরি করে দেবে।
এই চুক্তির বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী ধাপ নির্ভর করছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতার ওপর। এসব স্কিমের মাধ্যমে আমরা যোগ্য গ্রাহকদের সেই বিনিয়োগের জন্য সাশ্রয়ী অর্থায়ন পেতে সহায়তা করতে পারব। ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন পরিবেশবান্ধব অবকাঠামো ও শক্তিশালী প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলবে, তখন তারা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, প্রবৃদ্ধি অর্জন এবং দেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে আরও বেশি সক্ষম হবে।”
এই চুক্তিগুলো ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেবে। উল্লেখ্য, ব্যাংকটির সাসটেইনেবল ফাইন্যান্স হেল্প ডেস্ক গ্রাহকদের গ্রিন ইনভেস্টমেন্টের সুযোগ চিহ্নিত করতে এবং বিদ্যমান অর্থায়ন সুবিধা সম্পর্কে জানতে সহায়তা করে।
এই পুনঃঅর্থায়ন সুবিধাগুলোর সাথে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংযোগ ঘটিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে রূপদানকারী শিল্প ও প্রযুক্তির অগ্রযাত্রায় অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
