× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

১০ অক্টোবর ২০২৬ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। রোভার স্কাউটদের দীক্ষা অনুষ্ঠানের আগে উপাচার্য নিজেও দীক্ষা গ্রহণ করেন, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের কমিশনার মু. ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মোহা. আককাচ আলী আকাশ এবং জেলা রোভার স্কাউট লিডার (ডিআরএসএল) ফরহাদ হোসেন। এ ছাড়া শান্ত-মারিয়াম ক্রিয়েটিভ অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক নাসরিন জাহান, ঢাকা জেলা রোভারের জেলা রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোহা. খুরশেদ আলম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দীক্ষা হলো স্কাউট আন্দোলনে প্রবেশের আনুষ্ঠানিক দ্বার। নির্ধারিত বিষয়গুলো শেখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি ও শর্ত পূরণের পর নির্দিষ্ট সময় শেষে একজন রোভার স্কাউট দীক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করেন। দীক্ষার মাধ্যমে একজন রোভার স্কাউট, স্কাউট প্রতিজ্ঞা ও আইনের আদর্শ ধারণ করে স্কাউটিংয়ের নীতি, মূল্যবোধ ও সেবার চেতনায় নিজেকে পরিচালিত করার অঙ্গীকার করেন। তাই দীক্ষা ক্যাম্প নতুন রোভারদের স্কাউট আন্দোলনের আদর্শ ও চেতনার সঙ্গে পরিচিত করার পাশাপাশি দায়িত্বশীল ও সেবাপরায়ণ নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা রোভার স্কাউটদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রম। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নেতৃত্ব, দলগত কাজ, আত্মনির্ভরশীলতা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়। তাঁবু স্থাপন, দলীয় কার্যক্রম ও সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা, সৃজনশীলতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা করেন।

স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য হলো তরুণদের নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি ও সেবার মানসিকতায় উদ্বুদ্ধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউটিংয়ের মাধ্যমে তরুণেরা নিজেদের সক্ষমতা বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা লাভ করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীলতা জোরদারে ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আশা করা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.