বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘ইন্স্যুরেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেম (এসিপিএস) এর জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি, গার্ডিয়ান এর আরেকটি উদ্যোগ ‘অ্যাক্সিডেন্টাল কেয়ার’ অর্জন করেছে সম্মানজনক স্বীকৃতি বা অনারেবল মেনশন।
দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিমাদাবি নিষ্পত্তি এবং স্বল্পমেয়াদী দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স সেবা সহজলভ্য করার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে উদ্যোগ দুটি গ্রহণ করেছিলো গার্ডিয়ান।
গার্ডিয়ানের অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেমের (এসিপিএস) মাধ্যমে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়েছে। আবেদন জমা, যাচাই, মূল্যায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ ও নিষ্পত্তির সব ধাপ একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এতে আগের তুলনায় দাবি নিষ্পত্তি হচ্ছে অনেক দ্রুত। পাশাপাশি কাগজপত্রের ব্যবহার ও ম্যানুয়াল কাজ কমেছে। গ্রাহকেরা এখন ডিজিটাল মাধ্যমেই তাঁদের দাবির অগ্রগতি দেখতে পারছেন।
২০২৫ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ২ লাখ ৬১ হাজারের বেশি দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান। এসব দাবির মোট আর্থিক মূল্য ছিল ৫৫৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি জমা দেওয়ার দিনেই নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া, ৯৭ শতাংশ দাবি নিষ্পত্তি হয়েছে এক সপ্তাহের মধ্যে।
অন্যদিকে, ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগের মাধ্যমে স্বল্পমেয়াদি দুর্ঘটনা ইন্স্যুরেন্স সেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করেছে গার্ডিয়ান। কনসার্ট, কনফারেন্সসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য দুর্ঘটনা ইন্স্যুরেন্স সুবিধা সহজলভ্য করতে টিকিট বুকিং ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি ইন্স্যুরেন্স কভারেজ যুক্ত করেছে গার্ডিয়ান। মাত্র ১০ টাকা থেকে শুরু হওয়া এই সেবায় ২৪ ঘণ্টার জন্য দুর্ঘটনাজনিত নির্ধারিত স্বাস্থ্য ও লাইফ ইন্স্যুরেন্স সুবিধায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যায়।
স্বীকৃতির বিষয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ, বলেন, “আমাদের লক্ষ্য ইন্স্যুরেন্স সেবা সবার জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তোলা। এসিপিএস-এর মাধ্যমে আমরা দাবি নিষ্পত্তির অভিজ্ঞতা আরও সহজ করেছি। অন্যদিকে, গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স সেবাকে সাশ্রয়ী করার একটি প্রচেষ্টা। এমন সম্মাননা আমাদের উদ্ভাবনী ইন্স্যুরেন্স সেবা প্রদানে উৎসাহ যোগায়, যার মাধ্যমে আমরা এ খাতে গ্রাহকের আস্থা বাড়াতে পারি।”
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ এই স্বীকৃতি গার্ডিয়ানের ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহকসেবার মান উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। প্রযুক্তির মাধ্যমে ইন্স্যুরেন্স সেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও মানুষের কাছে সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
