বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেল। এ উপলক্ষে ঢাকার এয়ারপোর্ট রোডের পাম ভিউ রেস্টুরেন্টে আজ (২৮ অক্টোবর) সংগঠনটির সমাজসেবামূলক প্রকল্প বাস্তবায়ন এবং সদস্যদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। ক্লাব ভিজিটের অংশ হিসেবে চেয়ারম্যান ক্লাবের কার্যক্রম ও চলমান সমাজসেবামূলক উদ্যোগ পরিদর্শন করেন। অনুষ্ঠানে ফান অ্যান্ড ফেলোশিপ কার্যক্রম ও র্যাফল ড্রয়েরও আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ছিল অসহায় ও গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং একটি বৃদ্ধাশ্রমে হুইলচেয়ার প্রদান। এ ছাড়া আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালকে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধী ভ্যাকসিন ও হেপাটাইটিস বি প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ অনুদান দেয় সারা বছর সংগঠনটি। পাশাপাশি, আজিমপুর মাতৃসদন হাসপাতালে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পুষ্টিব্যাগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও প্রদান করে থাকে। স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সামাজিক সুরক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ নিয়ে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার বলেন, “ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের সাত বছরের পথচলা নারী নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের একটি সুন্দর উদাহরণ। অসহায় মানুষের জন্য ঘর নির্মাণে সহায়তা, বৃদ্ধাশ্রমে হুইলচেয়ার প্রদান এবং নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় অবদান রাখার মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, ক্লাবটি ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন অটুট রেখে মানবকল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।”
এ প্রসঙ্গে ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট মারুফা জামান কলি বলেন, “প্রতিষ্ঠার সাত বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করা। আমরা বিশ্বাস করি, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করতে চাই।”
ইনার হুইল একটি আন্তর্জাতিক নারীভিত্তিক সেবামূলক সংগঠন, যার কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। সংগঠনটি নারী ও শিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করাও এর অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক এই সংগঠনের সদস্য ক্লাব হিসেবে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল বাংলাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
