বাবা-মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের ব্যতিক্রমী আয়োজন ‘এ ডে উইথ প্যারেন্টস (A Day with Parents) অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটিতে।
শনিবার ৩১ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আশুলিয়া মডেল টাউনে আয়োজিত এ অনুষ্ঠানে বাবা-মা ও সন্তানের মধ্যকার ভালোবাসা, আবেগ এবং না-বলা কথাগুলো প্রকাশের এক অনন্য পরিবেশ তৈরি হয়। দিনব্যাপী আয়োজনে অসংখ্য আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে ছিল দিনটি। অনেক শিক্ষার্থী ও অভিভাবক আবেগাপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে না পেরে কেঁদে দিয়েছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, বাবা-মাকে যথাযথভাবে শ্রদ্ধা করতে পারলে ও তাঁদের দোয়া পেলে সফলতা নিশ্চিত। তাঁদের সন্তুষ্টি অর্জন, দোয়া নেওয়া এবং জীবনের প্রতিটি পর্যায়ে তাঁদের পাশে থাকা সন্তানের অন্যতম দায়িত্ব। তিনি নিজের ছেলের সঙ্গে ঘটে যাওয়া একটি আবেগঘন অভিজ্ঞতাও উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন। উল্লেখ্য, তাঁর ছেলেও ইস্টার্ন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। ব্যক্তিগত সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি বাবা-মা ও সন্তানের সম্পর্কের গভীরতা এবং ভালোবাসা প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. শামসুল হুদা তাঁর বক্তব্যে বলেন, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের ভালোবাসা, ত্যাগ ও অবদান অপরিসীম। নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তাঁরা সন্তানদের জন্য নিরলসভাবে কাজ করে যান। তাই সন্তানদের উচিত বাবা-মাকে যথাযথ সম্মান করা, তাঁদের ভালোবাসা ও ত্যাগের মূল্যায়ন করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের দোয়া ও পরামর্শকে গুরুত্ব দেওয়া।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের আবেগঘন অনুভূতি প্রকাশের পর্ব। অনেক শিক্ষার্থী দৈনন্দিন জীবনে বাবা-মাকে সরাসরি যে কথাগুলো বলতে পারেন না, সেগুলো এ আয়োজনে অকপটে প্রকাশ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো শিক্ষার্থীরা বাবা-মায়ের উদ্দেশ্যে চিঠি লেখা এবং চিঠির মাধ্যমে ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধার অনুভূতি প্রকাশ কর। অনুষ্ঠানে সন্তানদের বাবা-মাকে জড়িয়ে ধরা, ভালোবাসা প্রকাশ এবং মধ্যাহ্নভোজের সময় নিজের হাতে খাবার তুলে দেওয়ার মতো হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়। বাবা-মায়ের মুখে হাসি আর সন্তানের চোখে অশ্রুতে পুরো আয়োজন হয়ে ওঠে এক আবেগঘন মিলনমেলা। এ ছাড়া গান, কবিতা আবৃত্তি, ফটোসেশনসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
ইস্টার্ন ইউনিভার্সিটির এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং পারিবারিক বন্ধন, মানবিক মূল্যবোধ ও ভালোবাসা প্রকাশের এক আন্তরিক প্রয়াস। বাবা-মায়ের অবদান ও আত্মত্যাগ অতুলনীয় এবং তাঁদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যে সারা জীবনের দায়িত্ব - অনুষ্ঠানটি সেই বার্তাই তুলে ধরে।
অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হাবিব আনোয়ার পাশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপিকা ড. তাসনুভা রহমান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অভিভাবক ও অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
