ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ক্যাম্পাসভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’-এর পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘টিম ঝালমুড়ি’। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়। ‘পুশ দ্য পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের আসরেও তরুণদের অর্থবহ, বাস্তবসম্মত ও উদ্ভাবনী সমাধান তৈরিতে উৎসাহিত করার লক্ষ্য অব্যাহত ছিল, যা পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর ‘টিম লাসো’ প্রথম রানার-আপ এবং একই প্রতিষ্ঠানের ‘টিম হিমালয়াস’ দ্বিতীয় রানার-আপ হয়েছে। চ্যাম্পিয়ন দল ‘টিম ঝালমুড়ি’ আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ওভার দ্য ওয়াল গ্লোবাল প্ল্যাটফর্মে’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি দলটি ম্যারিকো লিমিটেডের একটি আন্তর্জাতিক অফিসে ইন্টার্নশিপের সুযোগ পাবে। প্রথম ও দ্বিতীয় রানার-আপ দল ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ পাবে। এ ছাড়া তিনটি দলই ম্যারিকো বাংলাদেশের পক্ষ থেকে প্রাইজমানি পেয়েছে। (শর্ত প্রযোজ্য)
গ্র্যান্ড ফিনালেতে দলগুলোর আইডিয়াকে বিচার করেছে একটি সম্মানিত বিচারক প্যানেল, যার মধ্যে ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কেএসএম মিনহাজ।
অনুষ্ঠানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু বলেন, “ ‘ওভার দ্য ওয়াল’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা তরুণদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা নিয়ে কাজ করার সুযোগ তৈরি করে। এবারের প্রতিযোগীরা তাদের সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে অসাধারণ কিছু ধারণা তুলে ধরেছেন। তরুণদের এই মেধা ও সম্ভাবনাকে বিকশিত হতে সহায়তা করা এবং তাদের ধারণাগুলোকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ তৈরি করতে পেরে আমরা আনন্দিত। ”
এ বছর প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ দেখা গেছে। দেশের ৪৭টিরও বেশি ক্যাম্পাস থেকে ৭ হাজার ৬০০টিরও বেশি রেজিস্ট্রেশন জমা পড়ে। আইডিয়া জমা, আইডিয়া উন্নয়ন ও মেন্টরশিপসহ একাধিক প্রতিযোগিতামূলক ধাপ পেরিয়ে ছয়টি ফাইনালিস্ট দল গ্র্যান্ড ফিনালেতে তাদের চমৎকার আইডিয়া উপস্থাপন করে। প্রযুক্তি, টেকসই উন্নয়ন ও সৃজনশীল ব্যবসায়িক কৌশলের সমন্বয়ে তারা ভবিষ্যৎমুখী সমাধান তুলে ধরে।
উদ্যোগটি নিয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের এইচআর ডিরেক্টর কে এম সাব্বির আহমেদ বলেন, “ ‘ওভার দ্য ওয়াল’এর মাধ্যমে তরুণরা নতুনভাবে চিন্তা করতে, প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে এবং নিজেদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগাতে অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ তরুণদের নেতৃত্ব ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে। এ বছরের প্রতিপাদ্য ‘পুশ দ্য পসিবিলিটিজ’ এই ভাবনারই প্রতিফলন।”
পঞ্চম আসরের সফল সমাপ্তির মধ্য দিয়ে ‘ওভার দ্য ওয়াল’ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এবং দেশের প্রবৃদ্ধি ও রূপান্তরে ভূমিকা রাখা উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে ম্যারিকো বাংলাদেশের প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করলো।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
