মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি'র পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, যিনি ইলেক্ট্রো মার্ট লিমিটেড (বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রসারে একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান) এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী কারখানা) প্রতিষ্ঠাতা পরিচালক।
বর্তমানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য।
মো. নুরুল আফছার একজন এমবিএ ডিগ্রিধারী। তাঁর অসাধারণ ব্যবসায়িক দূরদর্শিতা, শিল্পে উদ্ভাবনী শক্তি এবং নতুনত্বের প্রতি অঙ্গীকারের মাধ্যমে তিনি বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পখাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। ৩৩ (তেত্রিশ) বছরের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় তিনি নিজ উদ্যোগ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬' অনুষ্ঠানে 'বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬'-এ ভূষিত হন। তিনি নেপালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য 'বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড', শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের 'বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স)-২০২৫', 'এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬', কম্বোডিয়ায় 'এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬' এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত '৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬'-এ 'কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬' ও 'কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬'-এ ভূষিত হয়েছেন।
তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড এবং বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি অভিজাত ও স্বনামধন্য ক্লাবের সদস্য এবং বিভিন্ন আর্থ-সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত আছেন।