১৩ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আটমিক ডেজ ফোরামে “মানুষ ও পৃথিবীর জন্য পারমাণবিক শক্তি” শীর্ষক অধিবেশনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারমাণবিক প্রযুক্তির ভূমিকা বিশেষ গুরুত্ব পায়।
রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, সব দেশের জন্য পারমাণবিক প্রযুক্তিতে সমান প্রবেশাধিকার নিশ্চিত করা বৈশ্বিক জ্বালানি এজেন্ডার একটি প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তিনটি প্রধান চ্যালেঞ্জঃ জলবায়ু পরিবর্তন, জ্বালানি রূপান্তর এবং ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় পারমাণবিক শক্তিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে তিনি বর্ণনা করেন।
লিখাচেভ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং প্রযুক্তিগত অগ্রগতিতে রাশিয়ার অব্যাহত বিনিয়োগের কথা তুলে ধরেন। তিনি চলতি শতাব্দীর মাঝামাঝি নাগাদ একটি দুই-কম্পোনেন্ট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থা প্রতিষ্ঠায় রাশিয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে জানান যে, এটিতে ক্লোজড নিউক্লিয়ার ফুয়েল সাইকেলের সাথে থার্মাল ও ফাস্ট রিঅ্যাক্টরকে একত্রিত করা হবে। চতুর্থ প্রজন্মের প্রযুক্তিগুলো ব্যবহৃত পারমাণবিক জ্বালানির বারবার পুনঃপ্রক্রিয়াকরণে সক্ষম হবে, যা পারমাণবিক বর্জ্য হ্রাসে সহায়তা করবে।
তিনি আন্তর্জাতিক অংশীদারদের সাথে নিজেদের জ্ঞান, প্রযুক্তি এবং সল্যুশন শেয়ার করার ক্ষেত্রে রসাটমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসলান বায়রাক্তার, ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক সামা বিলবাও ই লিওন এবং কাজাখস্তান, উজবেকিস্তান, ব্রিকস ও হাঙ্গেরির প্রতিনিধিবৃন্দ।
কাজাখস্তানের পারমাণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান আলমাসাদাম সাতকালিয়েভ তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, অভ্যন্তরীণ পারমাণবিক দক্ষতা বিকাশ এবং চিকিৎসা ও কৃষিক্ষেত্রে এর প্রয়োগ সম্প্রসারণের প্রসারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। উজবেকিস্তানের আজিম আহমেদখাদঝায়েভ পারমাণবিক শক্তিকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হিসেবে বর্ণনা করেন।
হাঙ্গেরির পাকস-২ লিমিটেডের আতিলা সাগোদ্রি পারমাণবিক শক্তির নিরাপত্তা, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্যতার কথা উল্লেখ করে এর প্রতি জনগণের সমর্থনের ওপর জোর দেন।