মামলা দায়েরের পূর্বে বিরোধ নিষ্পত্তি (Pre-Case Mediation) ব্যবস্থা দেশব্যাপী সম্প্রসারণের রোডম্যাপ প্রণয়ন বিষয়ে আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে ‘ডেভেলপমেন্ট অব মিডিয়েশন অ্যান্ড সিভিল লিটিগেশন প্র্যাকটিসেস ফর এনহ্যান্সমেন্ট অব অ্যাক্সেস টু জাস্টিস (এ-টু-জে)’ প্রকল্পের আওতায় “নিউ প্রি-কেস মিডিয়েশন সিস্টেম: ডেভেলপিং আ রোডম্যাপ ফর নেশনওয়াইড এক্সপ্যানশন” শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।
বর্তমানে বাংলাদেশের আদালতগুলোতে প্রায় সাড়ে ৪৫ লক্ষের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এই প্রেক্ষাপটে সম্মেলনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (Alternative Dispute Resolution-ADR) ব্যবস্থাকে আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে নারী, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের জন্য দ্রুত, সাশ্রয়ী ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ক্রমবর্ধমান মামলাজট নিরসনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাইকা ২০২৫ সালের এপ্রিল মাসে নরসিংদী ও কুমিল্লা জেলায় পাইলট কার্যক্রমের মাধ্যমে একটি নতুন মামলাপূর্ব মধ্যস্থতা ব্যবস্থা চালু করে। এ উদ্যোগের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবীদের মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যাতে বিরোধ আদালতে গড়ানোর আগেই নিষ্পত্তি করা যায়। এপ্রিল ২০২৫ থেকে এপ্রিল ২০২৬ সময়কালে উভয় জেলায় আইনজীবী-মধ্যস্থতাকারীরা স্বতন্ত্রভাবে প্রায় ৬০০ থেকে ৮০০টি করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন, যা বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি হিসেবে মামলাপূর্ব মধ্যস্থতার কার্যকারিতা প্রমাণ করে। পাইলট কার্যক্রমের সাফল্যের ধারাবাহিকতায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের এপ্রিল থেকে আরও আটটি জেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তর (ডিবিএলএ) ২০২৫ সালের জুলাই মাসে ‘স্পেশাল মিডিয়েটর সিস্টেম’ চালু করে, যার মাধ্যমে অবসরপ্রাপ্ত বিচারক ও প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবীরা বিরোধ নিষ্পত্তিতে সহায়তা প্রদান করছেন। বর্তমানে দেশের ৩০টি জেলায় এ কার্যক্রম পাইলট ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
*সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান;* আইন ও বিচার বিভাগের সচিব মো: লিয়াকত আলী মোল্লা; এ-টু-জে প্রকল্পের পরিচালক ও আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো: খাদেম উল কায়েস; ডিবিএলএ-এর মহাপরিচালক মো: মঞ্জুরুল হোসেন; বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি; জাইকা’র (বাংলাদেশ অফিস) চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো; জাপানের বিচার মন্ত্রণালয়ের আইসিডি বিভাগের প্রতিনিধি হিরোআকি ওগাওয়া সহ ইউএনডিপি, জিআইজেড, ব্র্যাক, ফ্রেন্ডশিপ, ব্লাস্ট এবং অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধিরাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের সদস্য, আইনজীবী-মধ্যস্থতাকারী, লিগ্যাল এইড কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় মামলাপূর্ব মধ্যস্থতা ব্যবস্থার অর্জন ও ভবিষ্যৎ সম্প্রসারণ, একটি সমন্বিত মধ্যস্থতা কাঠামো গঠন, মধ্যস্থতাকারীদের প্রশিক্ষণব্যবস্থা আরও শক্তিশালী করা এবং তাদের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি (Accreditation) ব্যবস্থা প্রবর্তনের বিষয় গুরুত্ব পায়।
একই সঙ্গে, কার্যক্রম বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ, এবং একটি কার্যকর, টেকসই ও দেশব্যাপী মধ্যস্থতা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নীতিগত সহায়তা ও মানবসম্পদ উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক *মন্ত্রী মো: আসাদুজ্জামান* বাংলাদেশের সকল ৬৪টি জেলায় মামলা-পূর্ব মধ্যস্থতা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন । তিনি ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ, আদালতে মামলার চাপ হ্রাস এবং বিরোধ নিষ্পত্তিতে আপসমূলক সংস্কৃতি প্রসারে এই ব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরেন। এছাড়া বিচার খাতের সংস্কারে দীর্ঘদিনের সহযোগিতার জন্য তিনি সরকারের পক্ষ থেকে জাপান ও জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকল্পের বর্তমান পর্যায়ের অভিজ্ঞতা ও অর্জনের ভিত্তিতে আইন ও বিচার বিভাগ এবং জাইকার মধ্যকার সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানে জাইকা’র (বাংলাদেশ অফিস) চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো এবং এ-টু-জে প্রকল্পের পরিচালক ও আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো: খাদেম উল কায়েস এ-টু-জে প্রকল্পের দ্বিতীয় ধাপের রেকর্ড অব ডিসকাশনস (আর/ডি) স্বাক্ষর করেন। এর মাধ্যমে, উভয় পক্ষই বাংলাদেশে মিডিয়েশন সিস্টেমকে আরও শক্তিশালী ও স্থায়ী কাঠামোর আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ সরকারের সাথে অংশীদারত্বের মাধ্যমে জাইকা দেশের বিচার ব্যবস্থা সংস্কারে সহায়তা অব্যাহত রেখেছে। এ সহযোগিতার মূল লক্ষ্য, সবার জন্য ন্যায়বিচারের সুযোগ সম্প্রসারণ,, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করা এবং এমন একটি জনমুখী সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখা, যেখানে প্রত্যেক নাগরিক সময়োপযোগী, ন্যায়সঙ্গত ও কার্যকর বিচারসেবা পেতে সক্ষম হন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
