× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক আয়োজনে মিলবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ

২৪ নভেম্বর ২০২৬, ১৪:১৪ পিএম

উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মূল্যায়ন নিয়ে কাজ করা শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) আগামী ৩০ নভেম্বর ঢাকায় আয়োজন করতে যাচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক অনুষ্ঠান। এতে বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি নিজেদের পছন্দের প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

অনুষ্ঠানে অংশ নিতে কোনো ফি লাগবে না। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আগ্রহীদের ধারণা দিতেই এ আয়োজন। স্নাতকোত্তর পর্যায়ে কোন বিষয়ে পড়বেন, ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া কী, পড়াশোনার অর্থায়নের সুযোগ কোথায় এবং পড়াশোনা শেষে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কেমন, এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবেন অংশগ্রহণকারীরা। কর্মজীবী পেশাজীবী, সদ্য স্নাতক এবং স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আয়োজনটি করা হয়েছে।

আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এতে যুক্তরাষ্ট্র, স্পেন, কানাডা, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুল অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালগারি, বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইউটাহ, আইই ইউনিভার্সিটি, এনওয়াইইউ ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, অন্টারিও টেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উইনিপেগ এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রতিনিধিদের কাছে বিভিন্ন প্রোগ্রাম, আবেদনপ্রক্রিয়া, মেধাবৃত্তি এবং পছন্দের দেশ সম্পর্কে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকছে। আগ্রহ ও অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এতে তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ পাবেন। পাশাপাশি ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপ সম্পর্কেও জানতে পারবেন অংশগ্রহণকারীরা। 

‘কিউএস গ্লোবাল স্টুডেন্ট ফ্লোস’ এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াতে পারে ১ লাখ ২৬ হাজার ৫০০তে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৩০০ হতে পারে। তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎস শহর হিসেবে বাংলাদেশে এগিয়ে রয়েছে ঢাকা। ২০২৬ সালে ঢাকা থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর আনুমানিক সংখ্যা ৭৪ হাজার ৪০০। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে এ সংখ্যা বৃদ্ধির বার্ষিক যৌগিক হার ১৩ দশমিক ৫ শতাংশ।

এ পূর্বাভাস থেকে বোঝা যায় শিক্ষার্থীদের বিদেশে পড়ার আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বিষয় নির্বাচন, পড়াশোনার খরচ এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার মতোন বিষয়গুলোর গুরুত্ব বাড়ছে। কিউএসের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভের তথ্য বলছে, বিশ্বজুড়ে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ৬৩ শতাংশ কোর্স নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার মানকে অগ্রাধিকার দেন। অন্যদিকে, ৫৭ শতাংশ গুরুত্ব দেন ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে এমন দক্ষতা অর্জনের বিষয়টিকে।

কিউএসের ফিউচার স্টুডেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাটালি ক্রায়ান বলেন, “আন্তর্জাতিক শিক্ষাখাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিউএসের পূর্বাভাসেও দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। মাস্টার্স প্রোগ্রাম বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের একদিকে যেমন বিষয় ও শিক্ষার মান বিবেচনা করতে হয়, অন্যদিকে খরচ, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং পছন্দের দেশের শিক্ষার পরিবেশও ভাবতে হয়। ঢাকার এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে এসব বিষয়ে ধারণা নিতে পারবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।”

অনুষ্ঠানে বিষয় ও কোর্স নির্বাচন, পছন্দের দেশ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া নিয়েও পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের সিভি বা জীবনবৃত্তান্ত পর্যালোচনা করাতে পারবেন এবং স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) সম্পর্কে সময়ক ধারণা পাবেন। এছাড়া, এ আয়োজনে ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপে আবেদন করার সুযোগও পাচ্ছেন অংশগ্রহণকারীরা। তবে এ ক্ষেত্রে বৃত্তির নির্ধারিত আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ভিজিট করতে পারেন: https://eu1.hubs.ly/H0zX-_k0 

কিউএস সম্পর্কে

কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) উচ্চশিক্ষা খাত সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ, গবেষণা ও বিভিন্ন ধরণের সেবা দিয়ে থাকে। বিশ্বের যেকোনো প্রান্তের আগ্রহী মানুষ যেন শিক্ষার মাধ্যমে নিজেদের সম্ভাবনাকে বিকশিত করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যাওয়া এবং ক্যারিয়ার গঠনে সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক ও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করে কিউএস।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং, গবেষণা ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, সম্ভাব্য ক্যারিয়ার এবং বিদেশে পড়াশোনা করার পুরো প্রক্রিয়া সম্পর্কে জানতে সহায়তা করে প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নিয়োগদাতা, শিক্ষাবিদ ও বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কিউএস। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহজে বোধগম্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি, যা দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক উচ্চশিক্ষার পরিবেশে তাঁদের এ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

এ ছাড়া শিক্ষার্থী ভর্তি ও তাঁদের সঙ্গে যোগাযোগ আরও কার্যকর করা, আন্তর্জাতিক শিক্ষার্থী বাছাইয়ে বৈচিত্র্য বাড়ানো, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলা, স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে কিউএস। এর মাধ্যমে শিক্ষার্থী ও তাঁদের ভবিষ্যৎ গঠনে সহায়ক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.