× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

২৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৮ পিএম

আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির (Sol Plaatje University) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান ও উভয় প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিদের ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ১৭ নভেম্বর ২০২৬ এ সমঝোতা সম্পন্ন হয়।


ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর দক্ষিণ আফ্রিকা সফরকালে সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে এ সমঝোতা স্বাক্ষরের বিষয়ে আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সমঝোতা স্মারকটি চূড়ান্ত করা হয়। এতে সল প্লাকি ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ডেপুটি ভাইস-চ্যান্সেলর (টিচিং অ্যান্ড লার্নিং) প্রফেসর পল গ্রিন এবং ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।


এই সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। হিসাববিজ্ঞান, অর্থনীতি ও ফিন্যান্স, ব্যবসায় ও ব্যবস্থাপনা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, ইংরেজি ও মানবিকবিদ্যাসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সুযোগ ও সম্পদের প্রাপ্যতা সাপেক্ষে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথভাবে সেমিনার ও সম্মেলন আয়োজনের বিষয়েও সমঝোতা হয়েছে।


সমঝোতা স্মারকটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো যৌথ গবেষণার জন্য ম্যাচিং গ্রান্ট বা সমপরিমাণ অর্থায়নের ব্যবস্থা। এর আওতায় কোনো একটি বিশ্ববিদ্যালয় অনুমোদিত গবেষণা প্রকল্পে ১ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থায়ন করলে অপর বিশ্ববিদ্যালয়ও সমপরিমাণ অর্থায়নে সম্মত হতে পারবে। এ অর্থায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তহবিলের প্রাপ্যতা ও অভ্যন্তরীণ অনুমোদনসাপেক্ষে বাস্তবায়িত হবে। গবেষণার তথ্য সংগ্রহ, গবেষণা সহায়তা, সম্মেলনে অংশগ্রহণ, গবেষণাপত্র প্রকাশনা এবং কর্মশালা আয়োজনের মতো কাজে এ অর্থ ব্যবহার করা যাবে।


এছাড়া যৌথ গবেষণার ফলাফল হিসেবে প্রকাশিত গবেষণাপত্রে উভয় প্রতিষ্ঠানের যথাযথ স্বীকৃতি এবং গবেষকদের অবদানের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টিও সমঝোতায় অন্তর্ভুক্ত রয়েছে। তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।


ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর এই উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যোগাযোগ ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি যৌথ জ্ঞানচর্চা, গবেষণাপত্র প্রকাশনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.