নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ‘নজরুল বর্ষ উদযাপন’-এর প্রথম পর্ব হিসেবে ‘নজরুলী প্রেমের অনন্যতা’ শীর্ষক গীতিআলেখ্য আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও সংগীতে প্রেমের বহুমাত্রিক প্রকাশ এবং মানবিক অনুভূতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে গীতিআলেখ্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, স্বাগত বক্তব্য প্রদান করেন এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, এবং কবিতা আবৃত্তি করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুকান্ত রায়। এ ছাড়া নৃত্যগীতি পরিবেশন করে এনএসইউ সাংস্কৃতিক সংগঠন।
স্বাগত বক্তব্যে অধ্যাপক আব্দুর রব খান বলেন, “নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের ভিন্নধর্মী দিক তুলে ধরতে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আরও পরিচিত হওয়ার সুযোগ পাবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব বেনজীর আহমেদ বলেন, “কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক অবদান বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাঁর লেখায় প্রেম, মানবিকতা, সাম্য ও স্বাধীনতার যে বোধ প্রকাশ পেয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য ও চিন্তাধারা তুলে ধরা এবং এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করে।”
উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “নজরুলকে আমরা বিদ্রোহী কবি হিসেবেই চিনি। কিন্তু এর বাইরেও তাঁর একটি স্বতন্ত্র সত্তা ছিল, যেখানে তিনি ছিলেন প্রেমিক, সংবেদনশীল ও গভীর জীবনবোধসম্পন্ন একজন স্রষ্টা। তাঁর সাহিত্য ও সংগীতে প্রেমের প্রকাশ অত্যন্ত বৈচিত্র্যময়। এই প্রেম কেবল ব্যক্তিগত আবেগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতি ও জীবনের গভীর উপলব্ধিও তাঁর সৃষ্টিতে উঠে এসেছে। ‘নজরুলী প্রেমের অনন্যতা’ শীর্ষক এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তাঁর সৃষ্টিকর্মের সেই ভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু শ্রেণিকক্ষের পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়; সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চাও শিক্ষার্থীদের মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠান কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের বিভিন্ন দিক নিয়ে চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে তাঁর সৃষ্টিকর্মের পরিচিতি বাড়ানোর একটি সাংস্কৃতিক উদ্যোগ। গীতিআলেখ্য, কবিতা আবৃত্তি ও নৃত্যগীতি পরিবেশনার সমন্বয়ে আয়োজিত এ পর্বে নজরুলের প্রেমভাবনা ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
