সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩১৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৩৪ টি বিদ্যালয় ও ১০ টি মাদ্রাসার পরীক্ষার্থীদের ৬টি কেন্দ্র ও ৫ টি ভ্যানুতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে ৩৪টি বিদ্যালয়ের ছেলে পরীক্ষার্থী ১৩৬২ জন ও মেয়ে পরীক্ষার্থী ১৪৮২ জন, কারিগরি পরীক্ষার্থী ছেলে ১৩ জন মেয়ে পরীক্ষার্থী ১৭ জন, ১০টি মাদ্রাসা পরক্ষার্থীদের মধ্যে ছেলে ১৪৭ এবং মেয়ে পরিক্ষার্থী ১১৭ জনসহ মোট ৩১৩৮ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষা দিবে।
শিক্ষকরা বলছেন, সিলেবাস নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। পরীক্ষার্থীরা প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে। দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, এবার যারা এসএসসি দিচ্ছে তারা যথেষ্ট সময় পেয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
সেটুকু নিয়েই তারা পরীক্ষাকেন্দ্রে আসবে। সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়েছে, পরীক্ষার্থীদের কাছে তিনি ভালো ফলাফলের প্রত্যাশা করেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।প্রশ্নপত্র থানায় সিলগালা করে রাখা হয়েছে।নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছে যাবে। পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি রাখা হবে।গতকাল এসএসসি পরীক্ষা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।