মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মানুষ নিজেরা অর্থ সংগ্রহ ও শ্রম দিয়ে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ৮০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এ সেতুর নির্মাণকাজ শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসে। ইতোমধ্যে নদীর দুই পাড়ে সেতুর পিলার নির্মাণ শেষ হয়েছে। স্থানীয় রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার ও সাধারণ মানুষ মিলে কাজটি এগিয়ে নিচ্ছেন।
এই বিষয়টি প্রথমে সংবাদ সারাবেলা-তে প্রকাশিত হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজরে আসে।
বুধবার (২০ আগস্ট) সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকৌশলী, পিআইও, অফিসার্স ক্লাবের সম্পাদক, পাট উন্নয়ন কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, ‘গ্রামীণ জনগণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর কাজ সফলভাবে বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।’
স্থানীয়দের মতে, সেতুটি নির্মাণ হলে অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। স্কুল, কলেজ, বাজার ও হাসপাতাল যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
একজন প্রবীণ গ্রামবাসী আবেগভরে বলেন,‘আমাদের কষ্টের দিন ফুরাবে। ভবিষ্যৎ প্রজন্ম আর দুর্ভোগ পোহাতে হবে না।