নোয়াখালীর বানিজ্যিক শহর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী হাট-বাজার। মাঝ রাস্তায় ভ্যানগাড়ী করে দোকান বসিয়ে বেচাকেনা করায় তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। অফিসে যাতায়াতে চরম ভোগান্তিতে কর্মজীবীরা। ঘন্টার পর ঘন্টায় যানজটে আটকা পড়ে ভোগান্তির স্বীকার হচ্ছে যাত্রীরা।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও আগের মতো রয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ফুটপাত দখল করে রেখেছে ভাসমান হকাররা। বানিজ্যিক শহর চৌমুহনীর ব্যস্ততম মহাসড়কের পাবলিক হল থেকে শুরু করে রেল গেইট, ব্যাংক রোড, কলেজ রোড বড়পুল গোলাবাড়িয়াসহ বিভিন্ন স্থানের মাঝ রাস্তায় ভ্যানে করে বিক্রি হচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ-মাংস, ফলসহ নিত্য পন্য। এছাড়া ফেনী সোনাপুর গ্রামী সুগন্ধা বাস যত্রতত্র যাত্রী উঠা নামা করে যানজট সৃষ্টি করে থাকে।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও কোনো ফল পায়নি। উপজেলা প্রশাসন বলছে, জনসাধারণসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করলেই সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব।
বন্দর নগরী চট্টগ্রামের সাথে নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর জেলাসহ পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগে বেশ কয়েকটি জেলার সাথে সহজ যাতায়াতের একমাত্র প্রধান মহাসড়ক দখল করে বসেছে অস্থায়ী হাট বাজার। দ্রুত এ সড়ক থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের অপসারন চান স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, আমরা বেশ কয়েকবার অভিযান চালিয়ে হকারদের উচ্ছেদ করি। কিন্ত জনসচেতনতা বৃদ্ধি ও হকারদের নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করতে পারলেই হকার মুক্ত ও যানজট কিছুটা কমিয়ে আনা সম্ভব। এছাড়া প্রধান বানিজ্যিক শহরের রাস্তাটি অতীব ক্ষীণ, রোড ম্যাপ অনুযায়ী রাস্তাটির দুই পাশে রাজনৈতিক ছত্রছায়ায় ও প্রভাবশালীরা সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। আমরা এ নিয়ে নিরলস ভাবে কাজ করে চলেছি।