× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্ব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৫, ২০:০০ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের জায়গায় দোকান স্থাপনকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে বিরোধ দেখা দিয়েছে। 

 এই বিরোধের জেরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন রাজানগর অটোরিকশা চালক সমবায় সমিতির সদস্যরা।

 শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে মরিয়মনগর চৌমুহনী টু গাবতল ডিসি সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। তবে সিএনজি ছাড়া অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এসময় উত্তেজনা দেখা দিলে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

রাজানগর অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি মুহাম্মদ হোসেন বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে বাজারের এই স্থানে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। হঠাৎ বাজার ইজারাদাররা একাধিক অস্থায়ী দোকান স্থাপন করে স্ট্যান্ড দখলের চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আমরা বিক্ষোভ মিছিল করেছি। 

অন্যদিকে ধামাইরহাট বাজারের ইজারাদার রবি তালুকদার এ অভিযোগ অস্বীকার করে বলেন, বাজার পুনঃসংস্কারের আগে স্থানটি খালি ছিল। ইজারা নেওয়ার আগ পর্যন্ত অস্থায়ীভাবে সিএনজি রাখার সুযোগ দিয়েছিলাম মাত্র। এখন বাজারের প্রয়োজন অনুযায়ী দোকান স্থাপন করলে তারা বাধা দিচ্ছে এবং জায়গাটি নিজেদের দাবি করছে।

মরিয়মনগর চৌমুহনী টু গাবতল ডিসি সড়কের ধামাইরহাট বাজারে এই অংশে রাস্তা সরু হওয়ায় যানজট যেন নিত্যসঙ্গী। তাই সড়কটি যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিদিষ্ট সিএনজি অটোরিকশা স্ট্যান্ড স্থাপনের দাবি স্থানীয়দের।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান— আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। ঢাকা থেকে ফিরে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.