বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামার উপস্থিতিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ শুরু হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ ধর্মীয় সমাবেশ। এটি চলবে বেলা ২টা পর্যন্ত। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।
সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা। এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর ভলান্টিয়ার দল।
আজকের এ সম্মেলনে দেশের অন্যতম বড় দুই রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে থাকছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ।
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর) মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন।