ভোট প্রদানের দিন যতই নিকটবর্তী হচ্ছে পাবনা-৪, (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিং দ্বন্দ্বজনিত ষড়যন্ত্রে অস্বস্তিতে পতিত হচ্ছেন ধানের শীষের প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আসনটির সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারসহ তাঁর সমর্থকদের একটি বিরাট অংশ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে কাজ করছেন না। উল্টো তাদের সমর্থনে প্রভাবশালী নেতা জাকারিয়া পিন্টু বিদ্রোহ ঘোষণা করে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
এসব নিয়ে বিএনপির প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে রয়েছে নানারকম অস্বস্তি ও জয়-পরাজয়ের শংকা। অন্য দিকে আসনটিতে জামায়াত ইসলামের প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা প্রতিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্বস্তি ও ফুরফুরে মেজাজে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। চরম আনন্দ ও উল্লাসের মাধ্যমে কর্মী সমাবেশ, ভোট প্রার্থনা ও গণসংযোগ করে চলেছেন জামায়াতের এ প্রার্থী ।
ঈশ্বরদী উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও এর সহযোগি সংগঠনের একাধিক নেতা জানান, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে ঈশ্বরদীতে বিএনপির কোন কমিটি নেই। কমিটিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। নির্বাচনে দল থেকে ধানের শীষের প্রতিকে অংশ নিয়েছেন হাবিবুর রহমান হাবিব। দলীয় মনোনয়ন না পেয়ে তৃণমুল নেতাকমর্ীদের সমর্থনে বিদ্রোহ ঘোষণা করে স্বতন্ত্রপ্রাথর্ী হয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাকারিয়া পিন্টু প্রার্থী হওয়ায় ইতোমধ্যেই তাঁকে দল থেকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। এরপর থেকে দলীয় পদ প্রত্যাশী যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে কাজ করতেছিলেন তাদের অনেকেই ধিরে ধিরে দলীয় প্রতিক ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছেন। কিন্তু দলের একটি অংশ সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা থেকে রয়েছেন বিরত। আর একটি গ্রুপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথার নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে মোটর সাইকেল প্রতিকে কাজ করছেন।
সুত্রগুলো মতে, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে কাজ করা পদ প্রত্যাশী নেতাদের একাংশ ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই প্রকাশ্যে কাজ শুরু করেছেন। এতে মাঝে কয়েকদিন বেশ কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন স্বতন্ত্রপ্রাথর্ী জাকারিয়া পিন্টু। এই অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগি সংগঠনের কম গুরুত্বপূর্ন পদের নেতাকমর্ী ও সমর্থকরা জাকারিয়া পিন্টুর পক্ষে কাজ শুরু করেছেন। এই কারণে আবারও ভোটের মাঠে জাকারিয়া পিন্টুর পক্ষের সমর্থক নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। প্রতিটি এলাকায় উঠান বৈঠক, ভোট প্রার্থনা করে গণসংযোগ, নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করছেন মেহেদী হাসান।
সুত্রমতে, বিএনপির মধ্যে দুটি শক্তিশালি প্রাথর্ী হওয়ায় ভোটের ফলাফলের হিসেবেসহ জয় পরাজয় নিয়ে শংকা দেখা দিয়েছে। ঠিক যেমনটি বিএনপির নেতা সিরাজুল ইসলাম সরদার ও হাবিবুর রহমান হাবিবের মধ্যে দলীয় গ্রুপিংজনিত কারণে বারবার আসনটিতে আওয়ামীলীগের শামসুর রহমান শরীফ ডিলু বিজয়ী হয়েছেন। এবার হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টুর গ্রুপিং দ্বন্দ্বে শক্তিশালী প্রাথর্ী জামায়াত নেতা আবু তালেব মন্ডলের বিজয় হওয়া শুভ সম্ভাবনা দেখা দিয়েছে।
জাকারিয়া পিন্টুর মোটর সাইকেল প্রতিকের নির্বাচনী প্রচারণার অন্যতম সমন্বয়ক উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, আগামীতে ঈশ্বরদী-আটঘরিয়াতে বিএনপির নেতৃত্ব কে দেবেন তা ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন জনগণ। আমরা ধানের শীষের বিপক্ষে নয়। তবে এবার ধানের শীষ একজন স্বৈরাচারের হাতে এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে সেই স্বৈরাচারের বিপক্ষে কাজ করছি।
মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, দল তৃণমুল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করেছে। কেন্দ্র এক স্বৈরাচারের হাতে ধানের শীষ প্রতিক দিয়ে স্থানীয় নেতাকর্মীদের উপর চাপিয়ে দিয়েছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
ভোটে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাকারিয়া পিন্টু দাবী করে বলেন, দলের স্থানীয় নেতৃবৃন্দের প্রায় ৮০ শতাংশ নেতাকর্মী তার পক্ষে মোটরসাইকেল প্রতিকে কাজ করছেন। অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ ভোট হলে তিনি বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর এই দাবীর প্রতি অসমর্থন জানিয়ে ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ বলেন, ভোটের দিন যতই এগিয়ে আসছে দলের নেতাকমর্ীরা ততই স্বতন্ত্র প্রার্থীর নিকট থেকে দলীয় প্রতিক ধানের শীষের পক্ষে যোগ দিচ্ছেন। এখন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে ভোট চাওয়ার মত গুরুত্বপূর্ণ লোক ঈশ্বরদী পৌর ও উপজেলাতে নেই।
এ ব্যাপারে পাবনা জেলা বিএনপির আহবায়ক আসনটিতে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, দলের মধ্যে বিশৃঙ্খা সৃষ্টিকারী নাটেরগুরু সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার। তিনি নিজে নির্বাচনে প্রচারণায় নামেননি। তারপক্ষের লোকজনকে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু ও জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করাচ্ছেন।
হাবিবুর রহমান হাবিবের অভিযোগ, দলের মধ্যে থেকে সিরাজুল ইসলাম সরদার জামায়াত প্রার্থীর সঙ্গে অতাত করে বিএনপির নেতাকর্মীদের চাষকৃত পাকাধান কেটে মোটর সাইকেলে করে দাঁড়িপাল্লায় মাপার ষড়যন্ত্র করছেন। বিএনপির নেতাকর্মী ও জনগণ তা হতে দেবে না।
নির্বাচনে ধানের শীষকে পরাজিত করার ষড়যন্ত্র প্রতিরোধে সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারসহ ও স্বতন্ত্র প্রার্থীর জাকারিয়া পিন্টুর পক্ষে কাজ করা নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে দাবী করে হাবিবুর রহমান হাবিব বলেন, দলের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, সমগ্র দেশের ন্যায় ঈশ্বরদী-আটঘরিয়াসহ পাবনা জেলাতে ধানের শীষের গণজোয়ার উঠেছে। আসনটিতে এবার তাঁর বিজয় সুনিশ্চিত।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
