× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার-৩: জোট প্রার্থীর ইশতেহার ঘোষণা, ফ্লাইওভার সহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধিন ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের দেয়াল ঘড়ির প্রার্থী প্রার্থী মাওলানা আহমদ বিলাল সংসদ সদস্য নির্বাচিত হলে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌঁনে ৩টার দিকে মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

লিখিত বক্তব্যে ইশতেহার ঘোষণাকালো আহমদ বিলাল বলেন, মৌলভীবাজার সদর ও রাজনগর তাঁর গর্ব ও অহংকার। এই জনপদকে একটি পরিকল্পিত, উন্নত, পরিবেশবান্ধব ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও ডিজিটাল নগরীতে রূপান্তর করাই তাঁর লক্ষ্য। ইশতেহারে তিনি প্রথমেই মৌলভীবাজার সদর ও রাজনগরের প্রতিটি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন। বয়স্ক ও শিশু ভাতা নিশ্চিত করা, ভূমিহীন ও অসহায়দের পুনর্বাসন কার্যক্রম জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি।

শিক্ষা ও উচ্চশিক্ষা খাতে মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা ও রাজনগর দারুসসুন্নাহ ফাজিল মাদরাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উলামায়ে কেরামের পরামর্শে কওমি শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা বলেন। মৌলভীবাজার সদরে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় অথবা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সংসদে জোরালোভাবে উত্থাপন ও বাস্তবায়নের অঙ্গীকার করেন। একই সঙ্গে প্রবাসে গমনেচ্ছুক যুবকদের জন্য একটি আধুনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন।

মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর আইনি পদক্ষেপ এবং তরুণদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা ইশতেহারে তুলে ধরেন মাওলানা আহমদ বিলাল। পাশাপাশি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা এবং সব মা-বোনের ইজ্জত রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগের অঙ্গীকার করেন।

শহরের জলাবদ্ধতা নিরসনে একটি মাস্টার ড্রেনেজ সিস্টেম বাস্তবায়ন, পৌরসভার নাগরিক সেবা ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় এনে সম্পূর্ণ ডিজিটাল করা এবং রাজনগর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যানজট নিরসনে কুসুমবাগ, চৌমুহনা ও বেড়ীরপার মোড়ে সমীক্ষা সাপেক্ষে ফ্লাইওভার অথবা বিকল্প বাইপাস সড়ক নির্মাণের কথা উল্লেখ করা হয়। শহরের বাইরে আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল স্থাপন এবং সিএনজি ও ইজি-বাইকের জন্য নির্দিষ্ট পার্কিং জোন তৈরির কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মসংস্থান ও শিল্পায়নের লক্ষ্যে সদর উপজেলায় দ্বিতীয় বিসিক শিল্প নগরী স্থাপন, শেরপুর ইকোনমিক জোনকে দ্রুত কর্মমুখর করা এবং একটি আধুনিক আইটি পার্ক বা হাই-টেক পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রাজনগরে বরফকল ও কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদভিত্তিক কোম্পানি চালু,নারীদের জন্য ঘরে ঘরে ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তোলার সহায়তা ও প্রশিক্ষণ, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে হাইল হাওর, কাউয়াদীঘি হাওর, কড়াইয়া হাওর এবং মনু ও ধলাই নদী তীরবর্তী মানুষের জানমাল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ এবং জলমহাল প্রকৃত মৎস্যজীবীদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।

জেলার চা শিল্প নিয়ে ইশতেহারে তিনি বলেন, চা শ্রমিকদের উন্নয়নে চা বাগান এলাকার স্কুলগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শ্রমিক সন্তানদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ বৃত্তি, চিকিৎসা সুবিধা ও সম্মানী ভাতা নিশ্চিত করা হবে। এছাড়াও পর্যটন ও সংস্কৃতি খাতে মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো পরিবেশবান্ধবভাবে সাজানো, বর্ষিজোড়া ইকোপার্ককে বিশ্বমানের করা, পাঁচগাঁও দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজনগরের পর্যটন উন্নয়ন, পাঁচগাঁও গণকবর সংরক্ষণ ও সেখানে জাদুঘর নির্মাণের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি হাওরাঞ্চলে পর্যটন কেন্দ্র এবং মৌলভীবাজার ও রাজনগরে দুটি শিশুপার্ক স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

ইশতেহার ঘোষণাকালে এসময় তাঁর পাশে ছিলেন, খেলাফত মজলিস এর জেলা নেতৃবৃন্দ সহ নির্বাচনী সেলের দ্বাত্বিশীলরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.