নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ইছুব মোল্যা কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন— একই থানার খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে ফিরোজ এবং আসরাফুল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইছুব মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ এক জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব, ফিরোজ এবং আশরাফুল জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুইজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।