× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

ডেস্ক রিপোর্ট।

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

নীলফামারীর সৈয়দপুর শহরে ভিসা প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে এসে হামলা ও মারধরের শিকার হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। 

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের খালেদ মার্কেটের সামনে ওই ঘটনা ঘটেছে। হামলা ও মারধরে নারায়ণগঞ্জের পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও মাইক্রোবাস চালক মো. হাসান আহত হন। এ সময় পিবিআই সদস্যদের বহনকারী মাইক্রোবাসটিও ভাঙচুর করা হয়েছে।

পরে আসামি মহসিন আল মামুন ওরফে মন্টু ছিনিয়ে নেওয়া হয়।

সৈয়দপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল একটি প্রতারণা মামলার আসামির খোঁজে নীলফামারীর সৈয়দপুরে আসে। পিবিআইয়ের সদস্যরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গত ১ ডিসেম্বর দায়ের একটি মামলার আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তা সৈয়দপুর শহরের খালেদ মার্কেটের বিলাস গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী মহসিন আল মামুন ওরফে মন্টু নামের একজনকে শনাক্ত করেন। পরবর্তীতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বহনকারী মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন পিবিআই দল।

এ সময় পিবিআই দলের হেফাজতে থাকা  আসামি মহসিন আল মামুন ওরফে মন্টু ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে মার্কেটের আশপাশের লোকজন দ্রুত ছুঁটে এসে মব তৈরি করেন।

এ সময় তারা পিবিআই সদস্যদের ওপর আকস্মিক চড়াও হয়ে হামলা ও বেদম মারপিট করতে থাকেন। এতে নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এআই) মোস্তাফিজুর রহমান ও মাইক্রোবাস চালক হাসান আহত হন।

এ সময় পিবিআই সদস্যদের বহনকারী মাইক্রোবাসটিও ভাঙচুর করা হয়েছে। পরে আসামি মহসিন আল মামুন ওরফে মন্টুকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিবিআই সদস্য ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত  পিবিআই সদস্য ও মাইক্রোবাস চালককে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখপূর্বক আরো অজ্ঞাতনামা ৩০/৩৫জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জের পিবিআইয়ের একটি দল সেখানকার ফতুল্লা থানার একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে সৈয়দপুরে এসেছিলেন। ওই দলটির ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.