× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনী সীল জালিয়াতি চক্রে অভিযান: প্রিন্টিং প্রেস মালিক আটক

মাহমুদুর রহমান মনজু,লক্ষ্মীপুর প্রতিনিধি :

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে নির্বাচনী সীল তৈরির একটি চক্রের সন্ধান পেয়েছে লক্ষ্মীপুর পুলিশ। এ ঘটনায় শহরের বাঞ্চানগর এলাকার একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে হাতেনাতে আটক করা হয়েছে। তবে চক্রের অপর প্রধান সদস্য এখনও পলাতক রয়েছে।

এ ঘটনায় দুইজনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানাধীন বাঞ্চানগর এলাকার পুরাতন পৌরসভা রোড, চক বাজারে অবস্থিত ‘মারইয়াম প্রিন্টার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমনের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মারইয়াম প্রিন্টার্সের মালিক মো. সোহেল রানা (৩৪) কে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি অবৈধ নির্বাচনী সীল, একটি ইনফিনিক্স মোবাইল ফোন এবং একটি ডেক্সটপ কম্পিউটার মনিটর জব্দ করা হয়।

মামলার বাদী ও লক্ষ্মীপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মো. হুমায়ুন কবির জানান, আটক আসামি সোহেল রানার স্বীকারোক্তি অনুযায়ী পলাতক আসামি মো. শরীফ হোসেন সৌরভ (৩৪) — যিনি ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’-এর মালিক — এই জাল সীল তৈরির অর্ডার দিয়েছিলেন।

এসআই হুমায়ুন কবির আরও বলেন, “আসামিদের এই কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। তারা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জাল ভোটের সীল প্রস্তুত করছিল।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৮১ (অ)(ঘ) ধারা এবং দণ্ডবিধির ৪২০/৪৬৫/৪৭৩/১০৯ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.