× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরোঃ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসব সভায় ভোটকেন্দ্রের কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, মেজর মো. আসিফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, আনসার ও ভিডিপির সহকারী পরিচালক ফরিদা পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি একটি নতুন বাংলাদেশের রূপরেখা। যে বাংলাদেশে ন্যায্য দাবির জন্য রক্ত দিতে হয়েছে, সেই ক্ষত মেরামতের একটি সুযোগ এটি। এই আয়োজনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “ভোটগ্রহণকারী কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তায় ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে ৩ থেকে ৫ মিনিটের মধ্যে, সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে মোবাইল ফোর্স ঘটনাস্থলে পৌঁছাবে।”


জেলা প্রশাসক আরও বলেন, “আপনাদের ওপর রাষ্ট্রের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। শতভাগ নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনীর প্রতি শৈথিল্য বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে, সবকিছু মনিটরিং করা হবে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “ভোটাররা গণভোট নিয়ে প্রশ্ন করবেন। ‘আমি জানি না’—এই কথা বলার সুযোগ নেই। আইন অনুযায়ী দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করতে হবে।”

নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, “সরকারি কর্মচারী হিসেবে আমাদের একমাত্র পরিচয় হলো নিরপেক্ষতা। আইন যে নির্দেশনা দেবে, সেটিই মানতে হবে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা মাঠে নেমেছি।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.