× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪০ পিএম

মাদারীপুরে ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন। আহতরা হলেন- বেল্লাল ব্যাপারী, মহিদুল মাতুব্বর, বেল্লাল মাতুব্বর ও জহিরুল ইসলাম।

তাদের মধ্যে বেল্লালকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মাদারীপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুরে কর্মী-সমর্থক নিয়ে কালিরবাজার এলাকায় গণসংযোগে যান ‘কলস প্রতীকের’ প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ও মিল্টন বৈদ্যের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। পরে উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, “ধানের শীষের স্লোগান দিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হঠাৎ হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমার মোট ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছে।

“এর মধ্যে হাতুড়িপেটায় গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আমার কর্মী-সমর্থকদের একাধিক মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন, “ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে সেটি প্রতিরোধ করে আমার সমর্থকরা। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

“আমার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.