প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ। মাইলের পর মাইল চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান আর হাওড়ের টানে এখানে প্রতিবছর ছুটে আসেন অগণিত পর্যটক। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলের পর্যটন খাত এখন আর কেবল সৌন্দর্যের আলোচনায় সীমাবদ্ধ নেই; বরং এটি হয়ে উঠেছে রাজনৈতিক প্রতিশ্রুতির প্রধান হাতিয়ার।
স্থানীয় ভোটার ও পর্যটন সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত দুর্বলতা, পরিকল্পনার অভাব এবং পরিবেশগত ঝুঁকি এই খাতের প্রধান অন্তরায়। ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত আবাসন এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে দর্শনার্থীরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, তেমনি অব্যবস্থাপনায় হারিয়ে যাচ্ছে প্রকৃতির সজীবতা।
প্রবীণ বাসিন্দাদের আক্ষেপ, "বহু সরকার এলো-গেলো, কিন্তু প্রকৃতি বাঁচিয়ে টেকসই পর্যটন গড়ে তোলার কাজটা হলো না।" অন্যদিকে তরুণদের দাবি, পর্যটনকে আধুনিক রূপ দিলে স্থানীয়ভাবে বিপুল কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হতো।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট সব প্রার্থী। ভোটারদের মন জয়ে তাদের মুখে এখন পর্যটন উন্নয়নের ফুলঝুরি, বিএনপি প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী: পর্যটন শিল্পের বিকাশ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিকে নিজের প্রধান কাজ হিসেবে উল্লেখ করেছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া: তিনি শমসেরনগর বিমানবন্দর চালুকরণ এবং সড়ক ও রেল যোগাযোগ উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। এনসিপি প্রার্থী প্রীতম দাশ: চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পর্যটন আধুনিকায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী: ইনসাফ প্রতিষ্ঠা এবং পরিবেশবান্ধব উন্নয়ন ও চা-শ্রমিকসহ পর্যটন ভাবনার সাথে যুক্ত করেছেন। জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন ও বাসদ প্রার্থী মো. আবুল হাসানও প্রচারণায় উন্নয়নের নানা দিক তুলে ধরছেন।
নির্বাচনী ডামাডোলের মাঝেও পরিবেশকর্মীদের কণ্ঠে উদ্বেগের সুর। স্থানীয় সংবাদকর্মী শিমুল তরফদার বলেন, "উন্নয়নের নামে যেন প্রকৃতি ধ্বংস না হয়। পরিকল্পনা হতে হবে স্থানীয় মানুষকে সাথে নিয়ে।" পরিবেশকর্মী সালাহউদ্দিন শুভ এবং ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং-এর মতে, টিলা কাটা ও বন উজাড় বন্ধ না করলে পর্যটনের সব পরিকল্পনা অর্থহীন হয়ে পড়বে।
কমলগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ বলেন, "সরকারকে পর্যটনকে পরিবেশবান্ধব প্রকল্পের আওতায় এনে অর্থনৈতিকভাবে লাভজনক করার পদক্ষেপ নিতে হবে।"
আগামী নির্বাচনে ৪ লাখ ৮৭ হাজার ৮৯২ জন ভোটার ঠিক করবেন কার হাতে উঠবে এই অঞ্চলের নেতৃত্বের চাবিকাঠি। ব্যবসায়ী জামাল মিয়া ও পারভেজ আহমেদ মতো সাধারণ মানুষের চাওয়া একটাই—নির্বাচনের পর প্রতিশ্রুতি যেন কেবল কাগজের পাতায় আটকে না থাকে।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ এখন এমন একজন প্রতিনিধি খুঁজছেন, যিনি প্রকৃতিকে শুধু ‘পণ্য’ হিসেবে নয়, বরং আগলে রাখার সম্পদ হিসেবে দেখবেন। ভোটের বাক্সে এই প্রকৃতি প্রেম আর উন্নয়নের আকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
