× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট:

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের মুনস্টার হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ইশতেহারে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, বনায়ন, পর্যটন, নদী ব্যবস্থাপনা, যুব ও ক্রীড়া, সুশাসন ও সামাজিক উন্নয়ন—এই দশটি খাতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এডভোকেট আবু তাহের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।


শিক্ষা খাতে শতভাগ সাক্ষরতা অর্জন, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধাসম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও আইটি প্রশিক্ষণ জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল এবং আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র স্থাপনের কথা উল্লেখ করা হয়।


কৃষি খাতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ স্থাপন, বিনাসুদে ঋণ প্রদান, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়। তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।


স্বাস্থ্য খাতে ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান সৃষ্টি, ভিক্ষুক পুনর্বাসন এবং ‘ওয়ান ফর অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.