× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিপি প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ইশতেহার তুলে ধরেন।


মতবিনিময় সভায় প্রীতম দাশ বলেন, "আমার রাজনীতি গণমানুষের জন্য। চা-শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।"


প্রীতম দাশ তাঁর ইশতেহারে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা পেশ করেন। এর মধ্যে প্রধানতম হলো চা-শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা। এছাড়া তাদের শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের মাধ্যমে বিশ্বমঞ্চে তাদের জাতিগত ঐতিহ্য তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।


হাওর এলাকা দখলমুক্ত করে ইজারা সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট ফি-র বিনিময়ে উন্মুক্ত জলাশয়ে সাধারণ মানুষের মাছ ধরার অধিকার নিশ্চিত করা হবে। শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের ময়লার স্তূপ সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে শহরকে জলাবদ্ধতামুক্ত ও হাওরকে দূষণমুক্ত করার অঙ্গীকার করেন তিনি।


চিকিৎসা সেবার মান বাড়াতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগের পরিকল্পনা ইশতেহারে স্থান পেয়েছে। এছাড়া শমসেরনগরকে নতুন পৌরসভায় রূপান্তর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভাকে বর্ধিতকরণ এবং যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


তৃণমূলের কৃষকদের জন্য সার, সেচ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য করার মাধ্যমে কৃষি বিপ্লব ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন এই প্রার্থী।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.