× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটের মাঠে ত্রিমুখী সমীকরণ: নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ

মাহমুদুল হাসান, মানিকগঞ্জ:

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই জটিল ও আকর্ষণীয় হয়ে উঠছে মানিকগঞ্জ-২  আসনের রাজনৈতিক সমীকরণ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে মুখিয়ে আছেন সাধারণ ভোটাররা। প্রতীকী লড়াইয়ের গণ্ডি পেরিয়ে এবারের নির্বাচন এখন রূপ নিয়েছে আদর্শ, ব্যক্তিত্ব এবং পরিবর্তনের লড়াইয়ে। মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, হেভিওয়েট তিন প্রার্থীকে ঘিরে আসনটিতে তৈরি হয়েছে এক ত্রিমুখী সমীকরণ।


নির্বাচনী মাঠে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থী:  শেখ সালাহ উদ্দিন (দেয়াল ঘড়ি): ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী। ইসলামী আদর্শ, নৈতিকতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি এরই মধ্যে ভোটারদের নজর কেড়েছেন। জামায়াত সমর্থিত সুসংগঠিত ভোটব্যাংক তার বড় শক্তি।  মঈনুল ইসলাম শান্ত (ধানের শীষ): বিএনপির এই প্রার্থী দলীয় ঐতিহ্য ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোর ওপর ভর করে জয়ের স্বপ্ন দেখছেন। ধানের শীষের চিরচেনা সমর্থকগোষ্ঠী এবং মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয়তা তাকে সুবিধাজনক অবস্থানে রেখেছে।  এস এম মান্নান (লাঙ্গল): জাতীয় পার্টির এই প্রার্থী তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং এলাকায় গত কয়েক বছরের ব্যক্তিগত যোগাযোগকে পুঁজি করে মাঠে লড়ছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।


সিংগাইর ও হরিরামপুর উপজেলার ভোটারদের মধ্যে এবার নীরব বিপ্লবের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কাটা, অবৈধ ইটভাটার দাপট, নদী-খাল দখল এবং বেহাল যোগাযোগ ব্যবস্থায় অতিষ্ঠ সাধারণ মানুষ। বিশেষ করে বেকারত্ব দূরীকরণ ও মাদকের বিস্তার রোধ এখন প্রধান দাবি।


সিংগাইরের এক কৃষক আক্ষেপ করে বলেন, "আমরা শুধু প্রতিশ্রুতি চাই না, কাজ চাই। ফসলি জমির মাটি কেটে শেষ করে ফেলছে, এটা বন্ধ করার হিম্মত কার আছে, আমরা সেটাই দেখছি।" হরিরামপুরের এক তরুণ ভোটার জানান, "প্রথমবার ভোট দেব। কোনো নির্দিষ্ট দল দেখে নয়, যিনি এলাকায় থাকবেন এবং আমাদের বিপদে পাশে দাঁড়াবেন, তাকেই বেছে নেব।" সচেতন ভোটারদের মতে, এবার প্রতীক দেখে নয়, বরং প্রার্থীর সততা, সাহসিকতা এবং অতীত কর্মকাণ্ড বিচার করেই রায় দেবে মানিকগঞ্জ-২ আসনের মানুষ।

তিন প্রার্থীর ইশতেহারেই রয়েছে কমন কিছু প্রতিশ্রুতি:    ফসলি জমির মাটি কাটা ও অবৈধ ইটভাটা বন্ধ,   নদী ও খাল দখলমুক্ত করা,   যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন,  মাদকমুক্ত সমাজ গঠন।

তবে ভোটারদের বড় একটি অংশের অভিযোগ, অতীতে অনেক প্রার্থীই এমন প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর এলাকায় থাকেন না। ফলে এবার প্রার্থীর 'মাঠে থাকার সক্ষমতা' বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানিকগঞ্জ-২ আসনে এবার একক কোনো প্রার্থীর নিরঙ্কুশ আধিপত্য নেই।বিএনপির দলীয় শক্তি, জামায়াত ও সমমনা দলগুলোর আদর্শিক ভোট এবং জাতীয় পার্টির প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি—এই তিনের সংমিশ্রণে ভোটের ফলাফল যেকোনো দিকেই মোড় নিতে পারে। বিশেষ করে তরুণ ভোটার এবং দীর্ঘ সময় ভোট দিতে না পারা ‘সাইলেন্ট ভোটাররাই’ এবারের তুরুপের তাস। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ২১২, নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।


ভোটের দিন কেন্দ্রভিত্তিক উপস্থিতি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে মানিকগঞ্জ-২ আসনে এক ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা দেখবে দেশবাসী। শেষ পর্যন্ত জয়ের মুকুট কার মাথায় ওঠে—শেখ সালাহ উদ্দিন, মঈনুল ইসলাম শান্ত নাকি এস এম মান্নান—তা দেখতে এখন অপেক্ষা কেবল ভোটের দিনের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.