রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও জানান, উপজেলার মোট ৩৯টি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে প্রতি কেন্দ্রে ৯ জন পুরুষ ও ৪ জন মহিলা সদস্যসহ মোট ১৩ জন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এতে মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জন, যার মধ্যে পুরুষ সদস্য ৩৫১ জন এবং মহিলা সদস্য ১৫৬ জন।
এছাড়াও উপজেলার দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিসর্টির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরঞ্জাম পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বাহিনীর সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঘাইছড়িতে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে।