মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা–আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুষ্টিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঢাকামুখী সেফলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ফরিদপুরের মামুনের ছেলে জুবায়ের (১০), রাজশাহীর ইনতাজ আলীর ছেলে আনোয়ার (৪০) এবং সিংগাইর উপজেলার রাজ্জাক খানের ছেলে বাসচালক হান্নান খান (৪০)। এ ছাড়া কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে কাভার্ডভ্যান চালকের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পাঠানো হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় দুটি যানবাহনেরই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।