× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: দুর্গম রুমায় ভোটকেন্দ্রে রওনা

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি:

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ১৭৩ জন কর্মকর্তা-কর্মচারী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে ছিল নির্বাচনী প্রস্তুতির ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ।


 নির্বাচনের ভোট কেন্দ্রের দায়িত্বরত অফিসারদের  কাঁধে ব্যালট বাক্স, কারও হাতে নির্বাচন সামগ্রী ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজের ব্যাগ। কেউ ফাইলপত্র গুছিয়ে নিচ্ছেন, কেউ দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছানোর প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন।


উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ভবতোষ চক্রবর্তী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন গালেঙ্গা ইউনিয়নের দুর্গম কালাপাড়া সরকারি ভোটকেন্দ্রে। একই বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মারিন বম দায়িত্ব পালন করবেন ফুয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তারা জানান, দুর্গম এলাকায় দায়িত্ব পাওয়ায় সকাল সাড়ে আটটা থেকেই সহকর্মীদের নিয়ে নির্বাচন অফিসে উপস্থিত হন। সরঞ্জাম বুঝে নিয়ে তাদের দলকে কিছু পথ নৌকায় এবং বাকি পথ পায়ে হেঁটে কেন্দ্রে পৌঁছাতে হবে।


নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে দায়িত্ব পালনের অপেক্ষায় ছিলেন আনসার ও ভিডিপি সদস্যরাও। পাইন্দু ইউনিয়নের দুর্গম নিয়াংশাপাড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নারী আনসার সদস্য সিংমেউ মারমা বলেন, “সকাল থেকেই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছি। দায়িত্ব পালনে কোনো অসুবিধা হবে না।” তার মতো আরও অনেক সদস্য দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাসেল দে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।


নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রুমা উপজেলার চারটি ইউনিয়নের ১৯টি  ভোট কেন্দ্র, ২ টি কেন্দ্র হেলিসু্ট পথ - ৪টি নৌপথে  মোট ভোট  কেন্দ্রে ৫১ কক্ষের  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ১০ শতাংশ রিজার্ভসহ ২০ জন প্রিজাইডিং অফিসার, ৫১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০২ জন পোলিং অফিসারসহ মোট ১৭৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।


রুমা উপজেলায় মোট ২৩ হাজার ৫২১ জন ভোটার, পুরুষ ১২০৭৫ জন,মহিলা ১১৪৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নবনিবন্ধিত তরুণ ভোটাররাও প্রথমবারের মতো ভোট দেবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।


ভোটকেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সংশ্লিষ্ট সরঞ্জাম নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ এসআই ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ জানান, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে ১৯টি কেন্দ্র তদারকিতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.