× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোট যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়: জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

মো: ওয়াদুদ হোসেন:ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ভোটপ্রদান শেষে তিনি বলেন, এই ভোট যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয়। এই ভোট নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি। 


ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১৭ বছর পর আমাদের জন্য একটা বড় সুযোগ এসেছে। আমি ১১ জোটের একজন প্রার্থী হিসেবে আমার ভোট সেন্টার ছিল হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করলাম। এটা আমার জন্য বড় একটা সুখের খবর। এই ভোট যেন সুষ্ঠু হয় নিরপেক্ষ হয়। এই ভোট নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারে। এ ধরনের একটা সুন্দর ভোট দেশের মানুষ প্রত্যাশা করে।


জাতীয় সংসদের এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তার সঙ্গে এই আসনে হেভিওয়েট প্রার্থী ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও হাতপাখা প্রতীকে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। 


৫৬৪ বর্গকিলোমিটার আয়তনের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এবারের নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজারে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। 


ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে, যা বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত, সেখানে একজন নারীসহ সাতজন প্রার্থী মাঠে রয়েছেন। আর ঠাকুরগাঁও-৩ আসনে, যা পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত। সেখানে একজন নারীসহ মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


তিনটি সংসদীয় আসন মিলিয়ে ঠাকুরগাঁও জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন। 


এদিকে পোস্টাল ব্যালট পেপারে ভোট দেওয়ার জন্য জেলায় নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯৬৬ জন। আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি জেলার ৪১৭টি ভোটকেন্দ্রের ২ হাজার ৩৩৬টি ভোটকক্ষে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.