গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ, সেই সাথে এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যত রাজনীতি কোনদিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট প্রদানের প্রথম প্রহরে সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুলের পাশাপাশি এই ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম, বড় মেয়ে শামারুহ মির্জা, ছোট মেয়ে শাফারুহ মির্জা ভোট প্রদান করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এই জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিন আজকে এবং শুভ সূচনা হলো। এই নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যত রাজনীতি কোনদিকে যাবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আমরা আশা করি এই পথ মসৃণ ভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।
ফখরুল বলেন, আমরা আজকে অত্যন্ত আনন্দিত আজকের দিনটি অনেক বাঁধা বিপত্তি পেড়িয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের দিনটির শুভ সূচনা হয়েছে।
তিনি বলেন, এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে, বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ শিকার করে গেছেন। লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকের এই নির্বাচন। আশা করছি এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।