× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কড়া নিরাপত্তার মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম

কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে নীলফামারী জেলায়। ভোরের আলো ফোটার আগেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের ৫৬২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এসব কেন্দ্রে জেলার মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করবেন।


নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭১টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৯৩টি। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


এবারের নির্বাচনে নীলফামারীর চারটি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও স্বতন্ত্রসহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আসনভিত্তিক চিত্র


নীলফামারী-১ (ডোমার–ডিমলা)

এই আসনে মোট ভোটকেন্দ্র ১৮৪টি। এর মধ্যে ডোমার উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭০টি এবং ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে ৮৪টি কেন্দ্র রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২টি ও অধিকতর গুরুত্বপূর্ণ কেন্দ্র ২০টি। মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬১০ জন—নারী ২ লাখ ২৬ হাজার ৮২৬, পুরুষ ২ লাখ ২৯ হাজার ৭৭৯ এবং তৃতীয় লিঙ্গের ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন।


নীলফামারী-২ (সদর)


এই আসনে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি এবং অধিকতর গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৫টি। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৯৭০ জন। নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ২৩৭, পুরুষ ১ লাখ ৯০ হাজার ৭৩১ এবং তৃতীয় লিঙ্গের ২ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।


নীলফামারী-৩ (জলঢাকা)


জলঢাকা আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৫টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৪২টি এবং অধিকতর গুরুত্বপূর্ণ ১৫টি কেন্দ্র। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৭৭ জন। নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৯৯, পুরুষ ১ লাখ ৪৮ হাজার ২৭৭ এবং তৃতীয় লিঙ্গের ১ জন। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪ জন।


নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর)


এই আসনে মোট ভোটকেন্দ্র ১৬৯টি। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি এবং সৈয়দপুর উপজেলায় ৯১টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৬৪৯ জন—নারী ২ লাখ ২৪ হাজার ৪২৭, পুরুষ ২ লাখ ২৪ হাজার ২১৭ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। এই আসনে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৯ জন।


জেলার প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নীলফামারীতে নির্বাচন উৎসবের আমেজ বিরাজ করছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.