× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটকেন্দ্রে দুই শক্তিশালী প্রার্থীর বন্ধুত্বপূর্ণ উপস্থিতি: ইতিবাচক বার্তা

নড়াইল প্রতিনিধি:

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিরল এক সৌহার্দ্যের চিত্র দেখা গেছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু (প্রতীক: দাঁড়িপাল্লা) ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (প্রতীক: কলস) একসঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোট প্রদান করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৭টা ৩০ মিনিটে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল কেন্দ্রে একই সাথে উপস্থিত হন দুই প্রার্থী। এ সময় তারা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়ে

একে অপরের সঙ্গে কিছু সময় কুশল বিনিময় করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে শুভেচ্ছা আদান-প্রদান করেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে আতাউর রহমান বাচ্চু বলেন, “আমি আশা করি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের রায়ই চূড়ান্ত।”

স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম বলেন, “নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার হলেও আমাদের লক্ষ্য নড়াইলের উন্নয়ন। এ আসনের সকল ভোটার যেন সব ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন।" তিনি সবার প্রতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

ভোট গ্রহণে দায়িত্বরত কর্মকর্তা জানায়, কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটকেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটাররা বলেন, প্রতিদ্বন্দ্বী দুই শক্তিশালী প্রার্থীর এমন বন্ধুত্বপূর্ণ আচরণ খুবই কম দেখা যায়। এতে ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং নির্বাচনী পরিবেশ আরও স্বস্তিদায়ক হয়েছে।

দুই প্রার্থীর এমন বন্ধুত্বপূর্ণ আচরণ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.