ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার, জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল।
পৌরশহরের বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার ভোট দেন।অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বাড়ির পাশে নেহার স্কুলে ভোট দেন ১০ টা ১৫ মিনিটে। জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১০ টায় মন্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেন।
ভোট শেষে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার বলেন, একবারে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারছেন।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আশা করছি বিপুল ভোটে জয়ী হবে ধানের শীষ।
নেহার স্কুল মাঠে ভোট শেষে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেন বলেন, ভোট কেন্দ্রের ভিতরে আলো কম হওয়ায় অন্ধকার হয়ে রয়েছে। তাছাড়া ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। ভোট যদি সুষ্ঠুভাবে হয় আমরা জয়ী হব। ইনশাআল্লাহ জামায়াত সরকার গঠন করবে বলে জানান তিনি।
এ দিকে বদরগঞ্জ উপজেলার প্রায় ২০ ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে সকাল থেকেই পুরুষ ভোটারদের উপস্থিতি কম থাকলেও ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি।
সাধারণ ভোটাররা বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ভোট দিতে পেরে আমরা খুশি। আশা করি সুষ্ঠু ভোট হবে।
বিষ্ণুপুর ইউনিয়নের কালিগঞ্জ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মো. মিজানুর রহমান জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৬ শত ৫৭ টি, পুরুষ ভোটার ১ হাজার ৩৫৪ জন, নারী ভোটার ১ হাজার ৩০৩ জন। যথাসময়ে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। আশা করা যায় বেলা যত ঘনিয়ে আসবে ভোটারদের উপস্থিতি তত বাড়বে।