গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ছাড়াই সারা দেশের মতো মৌলভীবাজার জেলার ৪ টি সংসদীয় আসনেও একযোগে অনুষ্ঠতি হচ্ছে বহুপ্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
নানা শঙ্কার মধ্যে পর্যটন সম্ভানার ও প্রবাসী অধ্যুসিত চায়ের জেলা মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনেও নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জেলার ৪ টি আসনের ভোটাররা উৎসবের আবহে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। তবে অধিকাংশ কেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ সাড়ি। আবার দুপুর দেড়টার পর বেশ কিছু কেন্দ্র দেখা গেছে ভোটারবিহীন ফাঁকা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে জেলার ৪ টি সংসদীয় আসনের ৫৫৪ টি ভোট কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম।
সকাল ১০ টার দিকে মৌলভীবাজার-৩ আসনের সদর উপজেলার আখাইলকুড়া, কনকপুর, মোস্তফাপুর, একাটুনা, কামালপুর ইউনিয়ন ও রাজনগর উপজেলার মনসুরনগর ও মুন্সীবাজার ইউনিয়ন ঘুরে দেখা যায় ভোট কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিত। এসব কেন্দ্রে পুরুষদের তুলনায় সবচেয়ে বেশি নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন ধানের শীষের হেভিওয়েট প্রার্থী এম নাসের রহমান। তিনি তাঁর নিজ কেন্দ্র বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় নিজের ভোট প্রয়োগ করেন। সকাল পৌনে ৮ টায় রাজনগর উপজেলার দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মান্নান। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল নিজ উপজেলা রাজনগরের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন।
মৌলভীবাজার- (বড়লেখা-জুড়ী) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন মিঠু সকাল সাড়ে ৭ টায় ভোট দেন উপজেলার উত্তর গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। একই সময়ে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোঃ আমিনুল ইসলাম ভোট দেন নিজ কেন্দ্রে।
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বেশির ভাগ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ওই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী সকালে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন। একই আসনে এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশ সকালে তার নিজ এলাকা নটরডেম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত জেলার ৪ টি সংসদীয় আসনের সর্বমোট ৫৫৪ টি ভোট কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ৪১.৮৫ শতাংশ। তবে বিকাল নাগাদ ভোটের হার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের তৎপরতা দেখা গেছে। এছাড়ও কেন্দ্র ও সড়কে সেনা বাহিনীকে সতর্ক অবস্থায় টহল দিতে দেখা যায়।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, ভোট গ্রহণ চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
