ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৬ (ফুলবাড়িয়া) আসনে বিশেষ একটি দলকে সুবিধা দিতে ভোটের দিন প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী আখতারুল আলম ফারুক।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তা বক্তব্যে বলেন, বিশেষ একটি দলকে সুবিধা দিতে ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী আছিম পাটুলী, রাধাকানাই, ভবানীপুরের কান্দানিয়া ও এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভোটকেন্দ্রে ভয়ভীতি প্রদর্শন এবং বিএনপির কর্মী-সমর্থকদের অহেতুক মারধর করেছে। আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও তিনি দাবি করেন। বিভিন্ন সময় অভিযোগ জানানো হলেও স্থানীয় প্রশাসন অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।
আখতারুল আলম ফারুক আরও বলেন, তাঁর নিজ কেন্দ্র আছিম বাঁশদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিকেল চারটার আগেই ভোটগ্রহণ শেষ করা হয়। তবে গণনা শেষে রাত নয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ধানের শীষের পক্ষে কাজ করায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বিএনপিকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দাঁড়িপাল্লা প্রতীকে কামরুল হাসান মিলন ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৬৬৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন (ঘোড়া) পেয়েছেন ৫১ হাজার ২৩৪ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক (ধানের শীষ) পেয়েছেন ৪৮ হাজার ৯৯৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি নূরে আলম সিদ্দিকী (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৯৩৮ ভোট।