মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ছয়জন প্রার্থীর মধ্যে চারজন জাতীয় সংসদ সদস্য প্রার্থীর জামানত বাতিল হয়েছে। তবে তাদের মধ্যে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদার নির্বাচনের দুইদিন আগে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তার পক্ষে প্রচারণায় অংশ নেন।নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ২১৯ ভোট।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার মোট ১১৩টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি ভোট সংগ্রহ হয়েছে। নিয়ম অনুযায়ী, জামানত ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট সংশ্লিষ্ট প্রার্থীর প্রতীকে পড়তে হয়। সে হিসেবে জামানত রক্ষা করতে প্রত্যেক প্রার্থীর ন্যূনতম ২৪ হাজার ২৬৮ ভোট প্রয়োজন ছিল।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট এবং গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাতিল হয়েছে।