ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১০টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শশীভূষণ থানা পুলিশ জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় ও তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।