ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তি নগর এলাকার মো. মঙ্গলের (৬০) বিরুদ্ধে একই এলাকার ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী শিশুর মামা উজ্জল জানান, তার ভাগনির মা নেই, বাবা রাজমিস্ত্রীর কাজ করে। প্রায় সময় শিশুটি একা বাসায় থাকে। প্রায় এক মাস আগে একই এলাকার মঙ্গল নামের এক লোক তার ভাগনিকে জোর পূর্বক ধর্ষণ করে। তার ভাগনি ভয়ে কাউকে কিছু বলেনি। তারপর প্রায় বারবার শিশুটিকে একই কাজ করতে জোর করে মঙ্গল। তখন অসহ্য হয়ে কয়েকদিন আগে ভাগনি সব কথা বললে তারা মঙ্গলকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। পরে অভিযুক্ত মঙ্গল ধর্ষণের বিষয়টি স্বীকার করে। এ বিষয়য়ে মঙ্গলকে গণধোলাই দেওয়া হয়েছে বলেও জানা যায়। এ ঘটনায় শনিবার রাতে নবাবগঞ্জ থানায় ভুক্তভোগী পরিবার একটি মামলা করেন।
অভিযুক্ত মঙ্গলের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
রবিবার সকালে নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছিল। তবে এ ঘটনা জানার পর আমরা দ্রুত মামলা নিয়েছি। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।