বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বহুমাত্রিক কর্মসূচির মধ্য দিয়ে এ উপলক্ষ পালন করা হয়।
দিবসের সূচনায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং আনুষ্ঠানিক সালাম প্রদান করা হয়। পরবর্তীতে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বেলুন উড়ানো ও শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারজন প্রাক্তন উপাচার্য— ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, পিএসসি (অবঃ); ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিঃ লুৎফর রহমান (অবঃ); ব্রিগেডিয়ার জেনারেল সানোয়ার উদ্দীন, এনডিসি, পিএসসি, পিএইচডি, পিইঞ্জি (অবঃ) এবং ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবির, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই (এলপিআর)।
এছাড়াও দিনাজপুর মেডিকেল কলেজ-এর ‘সন্ধানী’ সংগঠনের সহযোগিতায় বিএইউএসটি মেডিকেল সেন্টারে আয়োজিত রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে এমপি চেকপোস্ট প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রমবিকাশ, একাডেমিক অর্জন, গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি—এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি), বিএইউএসটি, সৈয়দপুর। এসময় রংপুর অঞ্চলের বিভিন্ন ক্যান্টনমেন্টে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং অদূর ভবিষ্যতে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সম্প্রতি দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সেনাবাহিনী প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অবঃ); ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. শামীম রেজা (অবঃ); পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ); অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবঃ)সহ সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে ১১ বছরের গৌরবময় পথচলা উদযাপনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
