ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি সমর্থিত প্যানেলের বড় জয় হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ১০টি পদে জয়লাভ করেছে বিএনপি সমর্থিত ‘আইনজীবী কল্যাণ পরিষদ’। অন্যদিকে জামায়াত সমর্থিত ‘আইনজীবী সম্প্রীতি পরিষদ’ ৪টি পদে এবং বাম দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়ী হয়েছেন।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে মোট ৩৪৬ জন ভোটারের মধ্যে ৩২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশনার ও সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মো: মীর মোশারফ হোসেন মানিক।
বিএনপি সমর্থিত ‘আইনজীবী কল্যাণ পরিষদ’ থেকে বিজয়ীরা হলেন– সভাপতি: ফরিদ উদ্দিন খাঁন নয়ন (১৩৪ ভোট); সাধারণ সম্পাদক: হাছান মাহমুদ মামুন (১৬৮ ভোট); সহ-সভাপতি: মো. সামছু উদ্দিন মানিক (১৯৪ ভোট) ও মো. শহিদুল ইসলাম (২০৬ ভোট); অডিটর: হুমায়ুন কবীর বাদল (১৪৩ ভোট); লাইব্রেরি সম্পাদক: ইয়াছিন আরাফাত তারেক (১৬০ ভোট); সদস্য: আবদুল্লাহ আল মামুন জুয়েল (২০০ ভোট), মো. মনির উদ্দিন সোহাগ (১৭২ ভোট), আরিফুল ইসলাম (১৫৫ ভোট) ও মো. আবদুর রহিম সুজন (১৫২ ভোট)।
জামায়াত সমর্থিত ‘আইনজীবী সম্প্রীতি পরিষদ’ থেকে বিজয়ীরা হলেন– সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: আলাউদ্দিন বিন ওয়াদুদ (১৭০ ভোট); অর্থ সম্পাদক: মাহমুদুল হাসান (১৬৩ ভোট); সদস্য: শাহীদুল হক (১৬৯ ভোট) ও নাঈম উদ্দিন (১৫৭ ভোট)।
এছাড়া বাম দল সমর্থিত স্বতন্ত্র প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে মাসুদুর রহমান ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে মো. মঈন উদ্দিন ১৩১ ভোট, সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন ১৫১ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে ফখরুদ্দীন হেলালী ১৫৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
জয়ের পর নব নির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন খাঁন নয়ন বলেন, ‘সব আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা। এই জয়ে আমরা আনন্দিত। আগামীর পথচলায় সকলের সঙ্গে আলোচনা করে আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করবো।’ফেনীতে চীফ জুডিশিয়াল ভবন নির্মাণের জন্য আমরা নতুন সরকারের কাছে জোর দাবী তুলবো।'